আওয়ামী ও বাম-সমর্থিতদের নিরঙ্কুশ বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ১৮টিতে জয় পেয়েছে আওয়ামী ও বাম-সমর্থিত গণতান্ত্রিক ঐক্যপরিষদ। অন্যদিকে বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ জয় পেয়েছে সাতটিতে।

এদিকে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ নামে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা কোনও আসন পায়নি।

আজ রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা শেষে এ ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন। এর আগে গত ২০ আগস্ট সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনেও ২৭টিতে জয় পায় আওয়ামী ও বাম-সমর্থিত শিক্ষকদের নীল দল। এর ফলে সিনেটের ৬০ জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে ৪৫টিতেই নির্বাচিত হলো গণতান্ত্রিক ঐক্য পরিষদ।

গণতান্ত্রিক ঐক্য পরিষদের নির্বাচিত ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অসীম সরকার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আজিজুর রহমান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম ইমামুল হক, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মুহাম্মদ আবদুস সামাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম ইকবাল আর্সনাল, মো. শারফুদ্দিন আহমদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মাদ ফরাস উদ্দিন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক এ আর এম মনজুরুল আহসান বুলবুল, রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, শিল্প উদ্যোক্তা এ এইচ এম এনামুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এ বি এম বদরুদ্দোজা ও এস এম বাহালুল মজনুন, মানবাধিকার ও উন্নয়ন কর্মী নার্গিস জাহান বানু, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মাহফুজা খানম, সাবেক সিনেট সদস্য মোহাম্মাদ আবদুল বারী, অ্যাপোলো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ শামছুল হক ভূইয়া।

জাতীয়তাবাদী পরিষদের নির্বাচিত ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষক উম্মে কুলসুম রওজাতুর রোম্মান, মার্কেটিং বিভাগের শিক্ষক মো. মোর্শেদ হাসান খান, সাবেক সিনেট সদস্য আবদুল আজিজ, বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, গণমাধ্যম ব্যক্তিত্ব মাহফুজ উল্লাহ ও সাবেক সিনেট সদস্য মো. আবদুল হালিম পাটওয়ারী।
গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ৩৪ হাজার ৫৪৫ ভোটারের মধ্যে ১৯ হাজার ১৬১ জন ভোট দেন। এর আগে ১৪ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকার বাইরের ৪০টি কেন্দ্রে আট হাজার ২২১ জন ভোট দেন।