আওয়ামী লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
বান্দরবানে আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতা জেলা শহরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সদস্যের পরিবারের জমি দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট কর্মকর্তা শেখ ফরিদ এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পুলিশের উপস্থিতিতে দলবল নিয়ে ওই দুই নেতা তাঁদের মালিকানা ও ৪৮ বছর ধরে ভোগদখল করে আসা জমিটি দখল করেছেন। জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেনা সদস্যের জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, বাজার ফান্ড থেকে ইজারা নেওয়া প্লটের জমি বাজার ফান্ডের পরিদর্শক ছদাকত উল্লাহ বাবুল তাঁদের বুঝিয়ে দিয়েছেন। তাঁরা এ জমি ১৯৯৬ সালে ইজারা নিয়েছিলেন এবং বুঝে নেওয়ার সময় পুলিশ তাঁদের সহযোগিতা করেছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন, জেলা পরিষদের হস্তান্তরিত বাজার ফান্ড (পার্বত্য অঞ্চলে বাজার এলাকা নিয়ন্ত্রণকারী) কর্তৃপক্ষ থেকে সহযোগিতার জন্য পুলিশ চাওয়া হয়েছিল। এ জন্য তারা পুলিশ দিয়েছে। কিন্তু পাঠানো পুলিশের কাছে তারা কী কাজে কী ধরনের সহযোগিতা নিয়েছেন তা জানা নেই।
বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে শেখ ফরিদ বলেছেন, তাঁর বাবা রেয়াজ উদ্দিনও ব্রিটিশের সৈনিক ছিলেন। ১৯৬৫ সালে তাঁর বাবা বনানী স-মিলের পাশে ওই জমি একজন মারমা আদিবাসীর কাছ থেকে কিনেছেন। তখন থেকে তাঁদের পরিবার সেখানে বসবাস করে আসছে এবং রেয়াজ উদ্দিনের পরিবার হিসেবে জেলা শহরে সবার কাছে পরিচিত। বাবার নামে ক্রয়সূত্রে ২২ শতক জমির সঙ্গে ভাইবোনদের (রেয়াজ উদ্দিনের ছেলেমেয়ে) নামে আবেদিত ভোগদখলীয় ২০ শতক জমি রয়েছে। ওই জমির অধিকাংশই গত শুক্রবার মাহবুবুর রহমানরা দলবল নিয়ে দখল করেছেন। এ সময় পুলিশও দখলদারদের সহযোগিতা করেছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে শেখ ফরিদের সঙ্গে তাঁর দুই বোন ও এক ভাই উপস্থিত ছিলেন।
বাজার ফান্ড পরিদর্শক ছদাকত উল্লাহ বলেছেন, ‘আমি ৫৬৮ নম্বর প্লটের জমির সীমানা চিহ্নিত করলেও কাউকে ওই জমি বুঝিয়ে দিইনি। বিএনপির মাহবুবুর রহমান ও আওয়ামী লীগের ইসলাম ওই জমি দখল করেছেন কি না আমার জানা নেই।’