আওয়ামী লীগ ও বিদ্রোহীর লড়াই, আত্মগোপনে বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালবাগ শ্মশানের মোড়েই মো. শাহাজাদার চায়ের টং দোকান। ঘর্মাক্ত কলেবরে দোকানের সামনে এসে রতন শেখ নির্বাচনী স্লোগানের কায়দায় চায়ের ফরমায়েশ দিলেন ‘নির্বাচনী গরমে চা খাইবেন আরামে, ওই, একটু আলগা পাত্তি মাইরা দিস কইলাম।’ দোকানের সামনে বেঞ্চে বসা সাগর লাল ডোম ঘাড় ঘুরিয়ে রতনের দিকে একটা বাঁকা হাসি দিয়ে বললেন, ‘ভোটের চা দোকানে খাইতে আসছস ক্যালা।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে বেশ জমে উঠেছিল এই চায়ের দোকানে আড্ডা। শ্মশানের পাশেই লালবাগ ডোম কলোনি। সাগরের সঙ্গে কলোনির আরও কয়েকজন বসেছিলেন দোকানের আশপাশে। কলোনিতে ২১টি পরিবার। রতন বলছিলেন, ভোট দিতে যাবেন পরিস্থিতি বুঝে।
চা-দোকানের সামনে রাজ নারায়ণ ধর রোডের পাশেই একটি ডেকোরেটরে কাজ করেন রতন শেখ। দুপুরে খাবারের পর এসেছিলেন চা পান করতে। গত কয়েক দিন নির্বাচনী মিছিলে স্লোগান দিচ্ছেন। কার মিছিল করছেন? রতনের সাফ জবাব, ‘কারও বাঁধাধরা প্রচার নয়। যখন যে ডাক দেয়, তার লগেই যাইত্যাছি।’
জানা গেল, নির্বাচনী মিছিলগুলো হয় সাধারণত বিকেল থেকে রাত আটটা পর্যন্ত। মিছিলের সময় অনুসারে ৫০-১০০ টাকা পাওয়া যায়। হরতাল-অবরোধে খুবই কষ্ট গেছে রতনের। বিয়ে-শাদি, অনুষ্ঠান বলতে গেলে তিন মাস প্রায় ছিলই না। আয় বন্ধ। বাড়িতে বাবা-মাসহ পাঁচজন সদস্য। নির্বাচনী প্রচার তাঁর কিছু বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে।
এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড। পুরান ঢাকার বড় ওয়ার্ডগুলোর মধ্যে একটি। ভোটার ৪২ হাজার ২৭৯ জন। লালবাগ কেল্লার মোড় থেকে শুরু করে শ্মশানঘাট, আমলিগোলা, শহীদ নগর পড়েছে এই ওয়ার্ডে।
পুরান ঢাকার মাদক ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে চিহ্নিত এই এলাকা। চাঁদাবাজি ও নারীদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটছে প্রায়ই। কাজী রিয়াজ উদ্দিন রোডের ব্যবসায়ী মো. ইয়াহিয়া জানালেন, সন্ধ্যার দিকে পোশাক কারখানার নারীশ্রমিকেরা বাসায় ফেরার সময় কিল্লা মোড়, জলাপট্টি, কাজী রিয়াজ উদ্দিন রোড এলাকায় জটলা পাকায় বখাটে ও সন্ত্রাসীরা। তারা নানাভাবে নারীদের উত্ত্যক্ত করে। কিন্তু লোকজন ভয়ে কিছু বলতে সাহস পান না।
এসব বিষয়ে ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিল পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন (বিকম) বললেন, তাঁর প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিই হলো এলাকাটি মাদক ও সন্ত্রাসমুক্ত করা। নির্বাচিত হলে ৩০টি সিসি ক্যামেরা বসাবেন পথে পথে। তিনি জানান, শহীদ নগর মাদকের ‘জোন’ হিসেবে পরিচিত। মুঠোফোনে চলে কেনাবেচা। নারীদের উত্ত্যক্ত করার অভিযোগও আসে তাঁর কাছে। নির্বাচিত হলে বিষয়টি কঠোর হাতে দমন করার প্রতিশ্রুতি দিলেন সেক্টর কমান্ডারস ফোরাম ঢাকা মহানগর কমিটির এই সাধারণ সম্পাদক। তাঁর প্রতীক ‘ঠেলাগাড়ি’।
এখানে আরও একজন মোশারফ হোসেন আছেন। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী (ব্যাডমিন্টন-র্যাকেট)। দুজনের নামে শুধু একটি ‘র’ এর পার্থক্য। সে কারণে আওয়ামী লীগের মোশাররফ তাঁর নামের শেষে ‘বিকম’ যুক্ত করেছেন। একটু বিব্রত হওয়ার ভঙ্গিতেই তিনি বললেন, ‘এ যুগে কেউ শিক্ষাগত যোগ্যতা এভাবে নামের সঙ্গে যোগ করে না। কিন্তু দুজনের নাম নিয়ে বিভ্রাট এড়াতেই এটা করতে হয়েছে।’
এলাকাবাসীর সঙ্গে কথা বলে বোঝা গেল, এখানে কাউন্সিলর পদে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে মোশাররফ হোসেনের (বিকম) সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. দেলোয়ার হোসেনের। তিনিও এলাকায় বেশ জনপ্রিয়। পরিচিত ‘মিয়া ভাই’ নামে। তাঁর প্রতীক ‘লাটিম’। জানালেন, এলাকাবাসীর অনুরোধেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। মাদক ও সন্ত্রাস দমন তাঁর প্রধান লক্ষ্য। এ ছাড়া এলাকার রাস্তা ও নর্দমা সংস্কার করারও প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
এই ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী সফি উদ্দিন আহম্মেদ সেন্টু। তাঁর প্রতীক ‘ঘুড়ি’। অনেকগুলো মামলা তাঁর নামে। তাই আত্মগোপনে আছেন। নির্বাচনী প্রচার চালাচ্ছেন তাঁর ভাই শাহাবুদ্দিন আহমেদ। তিনি বললেন, মূল প্রার্থী না থাকায় স্বাভাবিকভাবেই তাঁরা প্রচারে একটু পিছিয়ে আছেন। তবে এলাকায় তাঁর ভাইয়েরও বেশ সুনাম রয়েছে। শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
এ ছাড়া আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল হোসেন (রেডিও), লোকমান হোসেন (টিফিন ক্যারিয়ার), নজরুল ইসলাম (ঝুড়ি), মো. মনির হোসেন (কাঁটা চামচ) ও ইসমাইল হোসেন (মিষ্টি কুমড়া)।
সরেজমিনে দেখা গেছে, জগন্নাথ সাহা রোড, শহীদ নগর ১ থেকে ৯ নম্বর রোডসহ এলাকার প্রায় প্রতিটি রাস্তাই বেহাল। খানাখন্দে ভরা। এলাকায় সুপেয় পানি ও গ্যাসেরও তীব্র সমস্যা। আমলিগোলার মাসুদ স্টোরের ব্যবসায়ী মোহাম্মদ আলী জানালেন, সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত এখানে গ্যাসের চাপ থাকে না। বাসাবাড়িতে রান্না শুরু হয় ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর। বহুদিন থেকে এই সমস্যা। কোনো সমাধান নেই। কমিশনার প্রার্থীরাও এ নিয়ে কেউ কিছু বলছেন না।