আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুল এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয় l ছবি: প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুল এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয় l ছবি: প্রথম আলো

রাজধানীর কারওয়ান বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় পাল্টাপাল্টি মামলা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। উভয় পক্ষই একে অপরের ওপর হামলা ও গুলির অভিযোগ এনেছে। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
গত সোমবার রাতে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক একটি মামলা করেন। আর গতকাল মঙ্গলবার সকালে খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক প্রধান সমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরের সই করা লিখিত অভিযোগ থানায় জমা দেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনসহ কয়েকজন। দুপুর ১২টার দিকে পুলিশ তা মামলা হিসেবে নেয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, দুটি মামলারই তদন্তকাজ শুরু হয়েছে।
সোমবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারে গাড়িবহর নিয়ে কারওয়ান বাজারে যান খালেদা জিয়া। সন্ধ্যা ছয়টার দিকে সেখানে বাপেক্স ভবনের সামনে সরকার-দলীয় নেতা-কর্মীরা তাঁর গাড়িবহরে হামলা চালান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন খালেদা জিয়ার দুই নিরাপত্তাকর্মী, সাংবাদিকসহ অন্তত ১০ জন।
সোমবার রাত ১২টার দিকে করা আওয়ামী লীগের নেতা জহিরুলের মামলার এজাহারে বলা হয়, জহিরুলসহ তেজগাঁও থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের সদস্যরা ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী আনিসুল হক ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শামীম হাসানের প্রচারে কারওয়ান বাজারের পেট্রোবাংলা ভবনের সামনে যান। ওই এলাকায় তখন গাড়িবহর নিয়ে উপস্থিত হন খালেদা জিয়া, সিএসএফ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা উত্তেজনাকর বক্তব্য রাখায় উভয় পক্ষে উত্তেজনার সৃষ্টি হয়। এরই মধ্যে বিএনপির অজ্ঞাতনামা কয়েকজন নেতার উসকানিতে ছাত্রদল, যুবদল ও দলটির অন্য অঙ্গসংগঠনের প্রায় ১০০ জন নেতা-কর্মী লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হত্যার উদ্দেশ্যে তাঁদের ওপর হামলা করেন। এতে জহিরুল ছাড়াও তেজগাঁও থানা শাখার ছাত্রলীগের সদস্য তুহিন মাহমুদসহ সভাপতি আলী হোসেন ওরফে সিজান, ১ নম্বর ইউনিটের সহসভাপতি আল আমিন, বাউলবাগ ইউনিট ছাত্রলীগের সভাপতি রনি খন্দকারসহ বেশ কয়েকজন আহত হন।
জহিরুল অভিযোগ করেন, সিএসএফ সদস্যদের মধ্যে একজন তাঁকে হত্যার উদ্দেশ্যে পিস্তল তাক করে ছয়টি গুলি করেন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।
গুলির বিষয়ে জানতে চাইলে বিএনপির পক্ষ থেকে করা মামলার বাদী খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক প্রধান সমন্বয়কারী ফজলে এলাহী আকবর বলেন, সিএসএফ কোনো গুলি করেনি।
ফজলে এলাহীর করা মামলার এজাহারে বলা হয়, জয় বাংলা স্লোগান দিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে ওত পেতে থাকা সরকার-সমর্থিত সন্ত্রাসীরা। বিএনপি চেয়ারপারসনের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কিন্তু গাড়িটি গুলি প্রতিরোধক হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। তবে গাড়িতে গুলির আঘাতের চিহ্ন স্পষ্ট। ইটের আঘাতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সিএসএফ সদস্য ফজলুল করিম, ফারুক হোসেনসহ সাতজন আহত হন। খালেদা জিয়ার গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের নেতা জহিরুল প্রথম আলোকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে গুলি করার প্রশ্নই আসে না। সিএসএফই আমাদের গুলি করেছিল।’
গাড়ি ভাঙচুর করেছে কারা—প্রশ্ন করলে জহিরুল বলেন, ‘তা আমরা জানি না।’
মামলার এজাহারে ফজলে এলাহী অভিযোগ করেন, ঘটনার দিন সকাল পৌনে সাতটার দিকে হঠাৎ করে খালেদা জিয়ার বাসায় নিরাপত্তায় নিয়োজিত ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়। এ ঘটনা রহস্যাবৃত। ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তাঁরা নীরব দর্শকের ভূমিকা পালন করেন। নির্দিষ্ট প্রার্থীর পক্ষে খালেদা জিয়ার প্রচারণায় একটি পক্ষের প্রতিযোগী মহলের গাত্রদাহ শুরু হয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, কারওয়ান বাজারে খালেদা জিয়ার যাওয়ার বিষয়টি পুলিশ আগে থেকে জানত না। তবে ওই এলাকায় নিয়মিত টহল হিসেবে চারজন পুলিশ ছিল। ঘটনার সময় তাঁরা সর্বোচ্চ শ্রম দিয়ে খালেদা জিয়াকে নিরাপদে চলে যেতে সুযোগ করে দিয়েছে।
উভয় মামলার তদন্ত প্রসঙ্গে ডিসি বলেন, ‘সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চলছে ঘটনার বিচার-বিশ্লেষণ। তবে একটি ভিডিও ফুটেজে একজন সিএসএফ সদস্যকে আগ্নেয়াস্ত্র বের করতে দেখা গেছে। তবে গুলিবর্ষণ করা হয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।’
পাল্টাপাল্টি মামলার কারণে তদন্ত ব্যাহত হবে কি না, প্রশ্নের জবাবে ডিসি বলেন, ‘আমাদের কাছে কে বিএনপি কে আওয়ামী লীগ তা মুখ্য নয়। অপরাধীকে আইনের মুখোমুখি করা হবে। তাই পাল্টাপাল্টি মামলা তদন্তে ব্যাঘাত সৃষ্টি করবে না।’
গতকাল বিকেলে ঘটনাস্থলে গেলে কয়েকজন প্রত্যক্ষদর্শী দোকানদার প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার কারওয়ান বাজারে উপস্থিত হওয়ার আগে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী অবস্থান নেন। খালেদা জিয়ার গাড়িবহরে তাঁদের অনেকেই হামলা করেছেন।