আওয়ামী লীগ ৩২১ জাপা ২৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রাথমিকভাবে ৩২১ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছে ২৪৮ জনকে।
বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৪০টি হলেও এবার ২০টি রাজনৈতিক দল মনোনয়নপত্র জমা দিয়েছে বলে কমিশন সচিবালয় সূত্র জানায়। ২০০৮ সালের নির্বাচনে ৩৮টি দল অংশ নিয়েছিল।
ওই সূত্র জানায়, সব মিলিয়ে ৩০০টি আসনে এক হাজার ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কমিশন সচিবালয় দলভিত্তিক ও স্বতন্ত্র মিলিয়ে এক হাজার ৭৪ জন প্রার্থীর হিসাব মেলাতে পেরেছে। এর মধ্যে আওয়ামী লীগ সর্বোচ্চ ২৯৭টি আসনে ৩২১ জনকে মনোনয়ন দিয়েছে। ক্ষমতাসীন দল ঢাকা-৮, ঢাকা-১৭ ও কুষ্টিয়া-২ আসনে কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। এই তিন আসনে অন্য প্রার্থীদের মধ্যে আছেন যথাক্রমে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও জাসদের হাসানুল হক ইনু।
অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি (জাপা) ২৪৮ জন, জাতীয় পার্টি (জেপি) ৮৯, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৪৭, ওয়ার্কার্স পার্টি ২৯, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৪, খেলাফত মজলিস ২, গণতন্ত্রী পার্টি ২, গণফ্রন্ট ১, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ১, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৯, বাংলাদেশ খেলাফত মজলিশ ৯, বাংলাদেশ জাতীয় পার্টি ৭, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ৩, বাংলাদেশ তরীকত ফেডারেশন ৯, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ) ১, বিএনএফ ৩৩, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১ এবং মুসলিম লীগ ১ জন প্রার্থী মনোনয়ন দিয়েছে। স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ২৪৫ জন।
কমিশন সচিবালয়ের হিসাব অনুযায়ী, এবার মনোনয়নপত্র জমাদানকারীর সংখ্যা আগের নির্বাচনের চেয়ে কম। কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, একতরফা নির্বাচন এবং প্রার্থী হওয়ার ক্ষেত্রে কঠোর বিধি-বিধানের কারণে প্রার্থীর সংখ্যা কম হয়েছে। ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে মোট প্রার্থী ছিল দুই হাজার ৭৮৭ জন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে এক হাজার ৪৫০, ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে এক হাজার ৯৩৩, ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে এক হাজার ৯৩৯ জন এবং ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে এক হাজার ৫৬৭ জন। তারও আগে ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে মোট প্রার্থী ছিল এক হাজার ৮৯, ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে দু্ই হাজার ১২৫, ১৯৮৬ সালের তৃতীয় সংসদ নির্বাচনে এক হাজার ৫২৭ এবং ১৯৮৮ সালের চতুর্থ সংসদ নির্বাচনে ৯৭৭ জন।
’৯৬-এর ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিল ৪১টি দল। ৩০০ আসনে ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে বিএনপি ২৭৯, ফ্রিডম পার্টি একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১০টি আসনে জয়ী হন বলে ঘোষণা করা হয়েছিল। অবশিষ্ট ১০টি আসনে নির্বাচনই হয়নি। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন সাতজন।
প্রাথমিকভাবে এক হাজার ১০৭ জন মনোনয়ন জমা দিলেও বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রার্থীর সংখ্যা আরও কমে যাবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর এবং ভোট হবে ৫ জানুয়ারি।