আওয়ামী লীগই জঙ্গি প্রশ্রয় দেয়: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনোভাবেই জঙ্গিবাদকে সমর্থন করে না। তাঁর অভিযোগ, আওয়ামী লীগই জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়। ‘হীন রাজনৈতিক স্বার্থে’ আওয়ামী লীগ দেশে জঙ্গিবাদ নিয়ে আসে।
প্রধানমন্ত্রীর এক বক্তব্যের জবাবে আজ শনিবার নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই অভিযোগ করেন। সম্প্রতি আলোচনায় আসা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম আসলেই কোনো জঙ্গি দল, না ‘কারও বানানো’ তা নিয়েও প্রশ্ন  তোলেন মির্জা ফখরুল।
১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ওই আলোচনার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদ ফিরে আসবে। ফখরুল দাবি করেন, এ দেশে জঙ্গিবাদ শব্দটি সম্পর্কে মানুষ জানত না। আওয়ামী লীগের আমলে উদীচীর অনুষ্ঠানে, রমনার বটমূলে বোমা হামলার মাধ্যমে জঙ্গিবাদ আলোচনায় আসে। বিএনপি ক্ষমতায় এসে জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

‘চুল’ নিয়ে প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের নেত্রীর বিভিন্ন অঙ্গ নিয়ে অশালীন, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কথা বলেছেন।’ এ ধরনের বক্তব্য পরিহার করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান ফখরুল।

প্রধানমন্ত্রী গতকাল বলেছিলেন, ‘বিরোধীদলীয় নেত্রী আমাকে কটাক্ষ করে বলেছেন, এমন বাতাস দেবেন, আমার নাকি চুল উড়ে যাবে। আমি তো ঘোমটা দিয়ে থাকি। আপনাদের দেখাতে পারছি না। আমার মাথায় পরচুল নেই। যা আছে, সবই আসল চুল। নকল নেই। যাঁর মাথা থেকে পা পর্যন্ত নকল, উড়ে যাওয়ার ভয় তাঁদেরই আছে। আমার নেই।’

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে ফখরুল বলেন, বিএনপিকে বাইরে রেখে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায়। কিন্তু জনগণ আওয়ামী লীগকে সে সুযোগ দেবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ‘কঠিন’ আন্দোলন গড়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান প্রমুখ অংশ নেন। সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে দলের পক্ষ থেকে জানানো হলেও তিনি উপস্থিত ছিলেন না।