আওয়ামী লীগকে সমঝোতায় আসতে হবে: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ

আওয়ামী লীগকে রাজনীতির মূলধারায় থাকতে হলে সমঝোতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি জানান, আগামী ২৫ অক্টোবরের পর নতুন পর্যায়ের আন্দোলন চরম পর্যায়ে পৌঁছাবে।
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। জাতীয়তাবাদী পল্লি চিকিত্সক দল আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এর আয়োজন করে।
মওদুদ বলেন, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সময় আছে। ২৫ অক্টোবর থেকে আন্দোলনের নতুন পর্যায় শুরু হবে। আন্দোলন তখন চরম পর্যায়ে পৌঁছাবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সমঝোতা করতে চাইলে আমরা প্রস্তুত আছি। যেকোনো সময়, যেকোনো স্থানে আমরা আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু উদ্যোগ আপনাদেরই নিতে হবে।’
মওদুদ আহমদ বলেন, নির্বাচনকালীন সরকারের কাঠামো ত্রয়োদশ সংশোধনীতেই ছিল। সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, সেটা নিয়ে আলোচনা হতে পারে। সংসদ বহাল রেখে নির্বাচনের যে পরিকল্পনা সরকার করছে, সেটি অবাস্তব বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি ভবিষ্যদ্বাণী করছি, সরকারকে এ অবস্থা থেকে সরে আসতে হবে।’
মওদুদ বলেন, ‘সংসদ বহাল রেখে পৃথিবীর কোথাও সংসদ নির্বাচন হয় না। নির্বাচন নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। কিন্তু নির্বাচন হবে। নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। এই সরকারকে বর্তমান সংবিধান সংশোধন করতে হবে। না হলে জনবিস্ফোরণে তাদের পরিণতি আরও খারাপ হবে।’