আওয়ামী লীগের প্রার্থী সেই মিছবা তৃতীয়
সিলেটের জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সেই মিছবা জামান তৃতীয় হয়েছেন। ৫ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন পেয়েছেন ৪ হাজার ২৬ ভোট। তৃতীয় স্থানে থাকা আওয়ামী লীগের মিছবা জামান পেয়েছেন ৩ হাজার ১২৬ ভোট।
মিছবা বারহাল ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ধর্ষণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামিও ছিলেন। মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গোপনে প্রত্যাহারের আবেদন করেছিলেন। মামলা প্রত্যাহার-সংক্রান্ত নথিপত্র সিলেটের সরকারি কৌঁসুলির (পিপি) দপ্তরে পৌঁছালে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘ধর্ষণের মামলায় অভিযোগপত্র/পরে রাজনৈতিক হয়রানিমূলক!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
এ প্রতিবেদন ছাপা হওয়ার পর রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় ওই মামলা আর প্রত্যাহার হয়নি। পলাতক অবস্থায় মিছবা ওই বছরের ২৩ ডিসেম্বর গ্রেপ্তার হন এবং ইউপি চেয়ারম্যান পদ থেকেও বরখাস্ত হন। প্রায় তিন মাস জেল খেটে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন তিনি। মামলাটি বর্তমানে বিচারাধীন।
জকিগঞ্জ উপজেলার নয়টি ইউপির নির্বাচনকে কেন্দ্র করে গত ৭ মার্চ বারহাল ইউনিয়ন আওয়ামী লীগ তৃণমূলের মতামত নিয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য তিনজনের নাম উপজেলা কমিটির কাছে প্রস্তাব করে। ওই তিন নামের প্রথমটি ছিল মিছবা জামানের। পরে উপজেলা কমিটির নেতারা জকিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের দুই নেতার কাছে তিনজনের নাম জমা দিলে সেখান থেকে শুধু মিছবা জামানের নাম দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠালে তিনিই মনোনয়ন পান।
একজন বিতর্কিত ব্যক্তিকে আওয়ামী লীগের প্রার্থী করায় তৃণমূলের কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। ১৪ মার্চ প্রথম আলোয় ‘সেই মিছবা আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। মনোনয়ন-প্রক্রিয়া সমন্বয়ের দায়িত্বে থাকা জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী তখন বলেছিলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জামায়াত-সমর্থিত। এদের সঙ্গে জয়ী হওয়ার বিবেচনা থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে।’