আওয়ামী লীগের ব্যয় কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের ব্যয় কমেছে। গত বছর দলটির নয় কোটি টাকার আয়ের বিপরীতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
বিএনপি-জামায়াত জোটের ‘নাশকতা’র কারণে গত বছর অনেক কর্মসূচি পালন করা যায়নি দাবি করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেছেন, এ কারণে ব্যয় কম হয়েছে।
অবশ্য গত বছরের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের পর থেকে টানা প্রায় এক বছর মাঠে বিএনপি-জামায়াত জোটের তেমন কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তবে এ বছর ৫ জানুয়ারি থেকে জোটের টানা প্রায় তিন মাস অবরোধ-হরতাল কর্মসূচির সময় নাশকতার ঘটনা ঘটে।
আবদুস সোবহানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের কাছে গত বছরের আর্থিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী জমা দেয়।
হিসাবে দেখা গেছে, আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় আড়াই গুণ বেশি। ২০১৪ পঞ্জিকা বছরে দলটির আয় হয়েছে ৯ কোটি ৫ লাখ ৩৫ হাজার ৬৪৩ টাকা। ব্যয় ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা। তবে ২০১৩ সালের হিসাব অনুযায়ী, দলটির আয়-ব্যয় দুটিই কমেছে। ২০১৩ সালে তাদের মোট আয় ছিল ১২ কোটি ৪০ লাখ এবং ব্যয় ছিল ৬ কোটি ৭০ লাখ টাকা।
বিবরণীতে বলা হয়েছে, আয়ের টাকা এসেছে প্রাথমিক সদস্যদের চাঁদা, দলীয় সাংসদদের চাঁদা, কেন্দ্রীয় কমিটির সদস্যের চাঁদা ও বিভিন্ন প্রকাশনা বিক্রি থেকে। ব্যয় হয়েছে দলীয় কর্মসূচি, সভা-সেমিনার আয়োজন, সারা দেশে দলীয় কার্যালয়ের পরিষেবা, বিল পরিশোধ, অফিসের কর্মচারীদের বেতন এবং অঙ্গসংগঠনের পেছনে।
হিসাব বিবরণী জমা দেওয়ার পর আবদুস সোবহান সাংবাদিকদের বলেন, আইনি সীমাবদ্ধতার কারণে ‘অফিশিয়ালি’ আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য জানানো যাচ্ছে না। তবে আয়-ব্যয়ের এ হিসাব আগের বছরের তুলনায় কম। বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে অনেক কর্মসূচি নিতে পারেনি। এ কারণে ব্যয় কম হয়েছে। তবে দল থেকে বিএনপি-জামায়াতের নাশকতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক ও আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ আগস্ট বিএনপি তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। হিসাব অনুযায়ী তাদের আয় ২ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা। ব্যয় ৩ কোটি ৫৩ লাখ ৩ হাজার টাকা।
রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৪০টি। এদের মধ্যে আওয়ামী লীগ-বিএনপিসহ নয়টি দল হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করে। পরে কমিশন ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ায়।