ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের (কাফরুল ও ইব্রাহিমপুর) এলাকায় রাস্তা ভাঙাচোরা, বেহাল ড্রেনেজব্যবস্থা, সড়কে আছে ঝুলন্ত তারের সারি। নেই কোনো কবরস্থান। যানজট তো নিত্যসঙ্গী। এলাকার এত সব সমস্যা ছাপিয়ে সিটি করপোরেশন নির্বাচনে এ ওয়ার্ডে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের প্রধান আলোচ্য বিষয়, এখানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আসলে কে?
আওয়ামী লীগ থেকে সাধারণ কাউন্সিলর পদে আনুষ্ঠানিক সমর্থন দেওয়া হয়েছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগমকে। তিনি দিনভর প্রচার-জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে সরকারদলীয় স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার সমর্থন দিয়েছেন ‘বিদ্রোহী’ প্রার্থী মতিউর রহমান ওরফে মতি মোল্লাকে। ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতি মোল্লাও নিজেকে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে ভোট চাইছেন। সাংসদ কামাল মজুমদার প্রকাশ্য প্রচারে না নামলেও তাঁর অনুসারীরা মতি মোল্লার জন্য কাজ করছেন।
এ দুজনের বাইরে এ ওয়ার্ডে আওয়ামী লীগের আরও তিনজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহসভাপতি এস এম এনামুল হক, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী তরুণ লীগ ঢাকা উত্তরের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, যুবলীগ ১৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম।
এস এম এনামুল হক দাবি করেন, ‘আমার সঙ্গে আমার সংগঠন ও এলাকার মানুষ রয়েছে।’ মোহাম্মদ আজিজুর রহমান ও আবুল হাসেমও আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তাঁদের সঙ্গেই আছেন বলে দাবি করেছেন।
উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক যতবারই এই এলাকায় ভোটের প্রচারে এসেছেন, ততবারই এই পাঁচ কাউন্সিলর পদপ্রার্থী তাঁদের সমর্থকদের নিয়ে উপস্থিত ছিলেন। সবাই নিজেদের আওয়ামী লীগের মূল প্রার্থী দাবি করে আসছেন।
১৬ নম্বর ওয়ার্ডে কাগজে-কলমে মোট ১৬ জন কাউন্সিলর প্রার্থী থাকলেও তিনজন অঘোষিতভাবে বসে গেছেন। বাকি ১৩ জন কমবেশি প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কেউ রিকশায় মাইক লাগিয়ে অলিগলিতে ভোট চাইছেন। কেউবা মাইক্রোবাস নিয়ে নেমেছেন, যাচ্ছেন বাড়ি বাড়ি। সব প্রার্থীরই নির্বাচনী ক্যাম্প রয়েছে।
তবে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের মোট পাঁচজন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে দাঁড়ানোয় কাফরুল-ইব্রাহিমপুরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের আসল প্রার্থী কে, এ নিয়ে বিভ্রান্তিতেও পড়েছেন অনেকে।
মাহমুদা বেগম প্রথম আলোকে বলেন, ‘দল আমাকে সমর্থন দিয়েছে। আমি আওয়ামী লীগ-সমর্থিত প্রকৃত প্রার্থী। সে হিসেবে প্রচার চালাচ্ছি।’ তিনি অভিযোগ করেন, এখানকার দলীয় সাংসদ (ঢাকা-১৫) কামাল আহমেদ মজমুদার বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে কামাল আহমেদ মজুমদার বলেন, ‘কাফরুল-ইব্রাহিমপুরের সব লীগই মতি মোল্লার পক্ষে আছে। সবাই যেখানে, আমার সমর্থনও সেখানে।’
আওয়ামী লীগের পাঁচজন প্রার্থীর পঞ্চমুখী তৎপরতার মুখে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন এখানকার বিএনপি-সমর্থিত প্রার্থী একরাম হোসেন। তিনি দাবি করেন, ‘আমাদের পরিবার ও গোষ্ঠী এই এলাকার সবচেয়ে বড় গোষ্ঠী। এলাকাবাসীও আমাকে পছন্দ করেন।’
অবশ্য মতি মোল্লা দাবি করেন, তাঁদের গোষ্ঠীর প্রায় তিন হাজার পরিবার এ এলাকায় বসবাস করে। এখন আওয়ামী লীগের সবাইও তাঁর সঙ্গে আছেন।