আওয়ামী লীগ-সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর হাতাহাতি
চট্টগ্রাম সিটি নির্বাচনের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। গতকাল রোববার রাত নয়টার দিকে সিটি গেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ প্রথম আলোকে জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সিটি গেট এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী নেছার আহমেদ ও আবুল কালামের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে ।
অভিযোগের বিষয়ে আবুল কালাম দাবি করেন, সিটি গেট এলাকায় প্রচারণা চালানোর সময় বাঁশ ও লাঠি দিয়ে নেছার আহমদের সমর্থকেরা তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে নেছার আহমদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।