আওরঙ্গ নিহতের ঘটনা তদন্ত করবে বিএনপি

সড়ক দুর্ঘটনায় দলের সাবেক সাংসদ হেমায়েত উল্লাহ আওরঙ্গসহ ছয়জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে বিএনপি।আজ বৃহস্পতিবার রাতে নিহত ছয়জনের স্বজনেরা বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে দেখা করতে যান। এসময় তিনি এ কথা বলেন। এখন পর্যন্ত তদন্ত কমিটি গঠিত না হওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি।এসময় খালেদা জিয়া নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি খোঁজখবর নেন তিনি। খালেদা জিয়া বলেন, ‘এতো বড় দুর্ঘটনার সরকার কোনো তদন্ত করেনি। বিএনপি ক্ষমতায় গেলে আমরা এ দুর্ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করব।’ বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়িরুল কবির খান প্রথম আলো ডটকমকে একথা জানান।এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওরঙ্গের স্ত্রী তাহমিনা আওরঙ্গ, ছেলে আরমান, মেয়ে ওয়াইজা ছাড়াও নিহতদের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঈদের আগে দলীয় নেতাদের নিয়ে নিজ এলাকা শরীয়তপুরে যাওয়ার জন্য ঢাকা থেকে রওনা হন বিএনপির সাবেক সাংসদ হেমায়েত উল্লাহ আওরঙ্গ। তাদের বহনকারী মাইক্রোবাস একটি বাসের সঙ্গে সংঘর্ষে আওরঙ্গসহ ছয়জন নিহত হন।