আওয়াজ আছে, অগ্রগতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জাতীয় সংসদ নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের ধারণা তুলে ধরে তরুণ ভোটারদের আকৃষ্ট করেছিল আওয়ামী লীগ। তবে দলটির নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর গত দুই বছরে এ বিষয়ে অনেক কথা হলেও অগ্রগতি কম।অনলাইন ও মুঠোফোনে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও ফল প্রকাশ, ইউনিয়ন তথ্যকেন্দ্র চালু, স্বল্পপরিসরে অনলাইনে দরপত্র জমা, ঢাকা শহরের থানাগুলোতে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার ব্যবস্থা, পাঠ্যপুস্তক ওয়েবসাইটে দেওয়া, চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টম হাউসে অনলাইন পদ্ধতি চালু, প্রবাসী-আয় (রেমিট্যান্স) স্বজনদের কাছে দ্রুত পাঠানো, মুঠোফোনে বিদ্যুৎ ও গ্যাস বিল জমা দেওয়ার মতো নাগরিক সেবামূলক কিছু উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু ডিজিটাল ব্যবস্থাপনার অন্যতম ক্ষেত্র ভূমি ব্যবস্থাপনা ও সরকারি নথিপত্র ডিজিটাল করার ক্ষেত্রে উল্লেখ করার মতো অগ্রগতি অর্জিত হয়নি। দুই বছর ধরে এ বিষয়ে কেবল আলাপ-আলোচনাই চলছে।বিশেষজ্ঞ ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দুই বছরে সরকার প্রায় অর্ধশত প্রকল্প নিয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় সারা দেশের ইউনিয়ন পরিষদগুলোতে তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে।ইউনিয়ন তথ্যকেন্দ্রের অবস্থা: অনলাইন সার্ভিস, বিভিন্ন আবেদনপত্র তৈরি, ইন্টারনেটে স্বজনদের সঙ্গে যোগাযোগ, সরকারি পরিষেবার বিভিন্ন ফরম সংগ্রহ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিবিষয়ক তথ্য সরবরাহের জন্য ইউনিয়ন তথ্যকেন্দ্র চালু করা হয়।প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারের টেকনাফ, রামু ও মহেশখালী প্রতিনিধি জানান, অধিকাংশ তথ্য ও সেবাকেন্দ্র বেশির ভাগ সময় বন্ধ থাকে। ২ জানুয়ারি সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউপি কার্যালয়ে গিয়ে দেখা যায়, সচিবের দপ্তরের পাশের একটি কক্ষে অস্থায়ীভাবে একটি টেবিলে কম্পিউটার ও প্রিন্টার রাখা আছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজিব আহমেদ জানান, বেলা সোয়া একটা পর্যন্ত কেউ সেবা নিতে আসেননি। টেকনাফের ছয়টি ইউনিয়নের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ ছাড়া বাকি পাঁচটির তথ্য ও সেবাকেন্দ্র চালু হয়নি। রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ৩ জানুয়ারি চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন পরিষদে গিয়ে কোনো কম্পিউটার দেখা যায়নি। ইউপি সচিব নাজমুল হক জানান, পরিষদে কম্পিউটার রাখার জায়গা নেই। তাই তিনি নিজ বাড়িতে রেখেছেন। একই দিনে ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, দু-একজন কিশোর জেএসসি পরীক্ষার ফলাফল সংগ্রহ করছে।ভূমি ব্যবস্থাপনা: সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা জানান, সরকারের উদ্দেশ্য ছিল ভূমি নিবন্ধন, নামজারি ও নকশা দ্রুত ডিজিটাল করে জনগণের কাছে উদাহরণ তৈরি করা। কারণ ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করতে পারলে দুর্নীতি ও নাগরিক হয়রানি অনেকাংশেই রোধ হবে। কিন্তু ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার জন্য গত অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ রাখা হলেও মন্ত্রণালয় যথাসময়ে কাজ শেষ করতে না পারায় বাজেট কাজে লাগেনি। চলতি বাজেটেও অর্থ বরাদ্দ রয়েছে।সূত্র জানায়, ২ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের বৈঠকে সরকারি ও বেসরকারি অংশীদারির ভিত্তিতে (পিপিপি) প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।সরকারি দপ্তরের নথিপত্র: সরকারি দপ্তরগুলোর মধ্যে আন্তসংযোগ (নেটওয়ার্ক) স্থাপনের জন্য ২৮১ দশমিক ৪৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বাংলা গভনেট প্রকল্পের কাজ চলছে। কাগজের নথি বাদ দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ফাইলপত্র ডিজিটাল করাই এ প্রকল্পের উদ্দেশ্য। ফাইলপত্র ডিজিটাল করা হলে এক মন্ত্রণালয়ের সঙ্গে অন্য মন্ত্রণালয় দ্রুত যোগাযোগ করতে পারবে এবং মন্ত্রীসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা যখন ইচ্ছা যেকোনো ফাইল দেখতে পারবেন। কিন্তু সরকারি কর্মকর্তাদের অনেকে বিদ্যমান লাল ফিতার নথি পছন্দ করেন। ফলে প্রকল্প এগিয়ে নিতে সময় লাগছে।সরকারের কর্মকাণ্ডে গতিশীলতা আনার জন্য ২০০৮ সালের সচিবালয় নির্দেশিকায় ই-মেইলকে বৈধতা দেওয়া হলেও অনেক সচিব এখনো ই-মেইল ব্যবহার করেন না।সরকারের প্রথম বর্ষপূর্তিতে ৬৪ জেলার তথ্য নিয়ে পৃথক ওয়েবসাইট (ওয়েব পোর্টাল বা তথ্য বাতায়ন নামে পরিচিত) খোলা হয়। কিন্তু দ্বিতীয় বছরে আর এসব ওয়েবসাইট হালনাগাদ পাওয়া যায়নি। মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য দপ্তরের ওয়েবসাইটেরও একই অবস্থা।সাফল্য: তথ্য ও যোগাযোগ-প্রযুক্তির (আইসিটি) প্রসারে সরকারের বেশ কিছু সাফল্যও আছে। ২০০৯-১০ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল মুঠোফোন ও ওয়েবসাইটের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ই-মেইলে পাঠানো হয়েছে। ২০১০ সাল থেকে পাঠ্যপুস্তক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। যোগাযোগ-প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় সারা দেশের এক হাজার ৬১০টি স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।সারা দেশের ৮০০ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা রয়েছে। চিনিকল-সংশ্লিষ্ট প্রায় এক লাখ ৫০ হাজার আখচাষি এসএমএস বা খুদে বার্তার মাধ্যমে মিলে আখ সরবরাহের দিন-ক্ষণ সম্পর্কে জানতে পারছেন।বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান দুই বছরের অগ্রগতি সম্পর্কে প্রথম আলোকে বলেন, শিক্ষাক্ষেত্রে ই-সেবা সরকারের বড় অর্জন। কৃষকেরাও সেবা পেতে শুরু করেছেন। ইউনিয়ন তথ্যকেন্দ্রে সেবা দেওয়া শুরু হয়েছে। তিন মাসের মধ্যে ই-টেন্ডারিং শুরু হবে। সরকারের মন্ত্রণালয়ের আন্তসংযোগও যথাসময়ে শুরু হবে। এ জন্য কম্পিউটার কাউন্সিলে জাতীয় ডেটা সেন্টার করা হয়েছে।ভূমি ব্যবস্থাপনা হালনাগাদ করা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনায় প্রজন্ম থেকে প্রজন্মের জটিলতা রয়েছে। এসব জটিলতা নিরসন করার পাশাপাশি জমির দাগ-খতিয়ান ডিজিটাল করার ব্যবস্থা নিতে হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ২০ বছর ধরে সরকারগুলো বলে আসছে, দেশে তথ্যপ্রযুক্তির খাত সম্ভাবনাময়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ কারা করছে, সে সম্পর্কে এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা তেমন কিছু অবগত নন। তিনি আরও বলেন, কোথায়, কী ধরনের প্রকল্প বা কত টাকার প্রকল্প নেওয়া হয়েছে, সে সম্পর্কে সরকারকে স্বচ্ছ থাকতে হবে। তা না হলে ডিজিটাল বাংলাদেশ হবে না।