আওয়াজ থাকলেও অকার্যকর জাতীয় মানবাধিকার কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশন সবল না দুর্বল—সেই বিতর্কে অংশ নিয়ে মানবাধিকারকর্মীরা বললেন, এই কমিশনের আওয়াজ থাকলেও অনেকটাই অকার্যকর। কমিশনকে ক্ষমতায়ন করা এবং এর জনবল ও অর্থ বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন তাঁরা।
‘মানবাধিকার সুরক্ষায় অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সভায় গতকাল সোমবার মানবাধিকারকর্মীরা এ কথা বলেন। এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা, ক্ষমতা এবং করণীয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
তবে জাতীয় মানবাধিকার কমিশনকে দুর্বল বলতে নারাজ কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, মানবাধিকার কমিশনের মতো সক্রিয় ও সোচ্চার কমিশন দেশে একটিও নেই। তাঁর মতে, কমিশনের আইন খুবই দুর্বল, এর জনবল অন্যান্য দেশের তুলনায় অপর্যাপ্ত। কমিশনের নাগরিক সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা উচিত বলে মত দেন তিনি।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক অবশ্য বলেন, ‘মানবাধিকার রক্ষায় কাজ করা এই কমিশন সম্পূর্ণ স্বাধীন। যেকোনো বিষয়ে সরকারকে তারা পরামর্শ দিতে পারে এবং আমরা সেগুলো শুনব।’
রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে অস্ট্রেলিয়ান হাইকমিশন আয়োজিত ওই সেমিনারে সাত পর্বে মানবাধিকার, মানবাধিকার কমিশন, জনস্বার্থে মামলা, শিশু অধিকার বিষয়ে জাতিসংঘ কনভেনশন ও বাংলাদেশ প্রেক্ষাপট, নারীর অধিকার, শরণার্থী আইন এবং শিশু অধ্যাদেশ ২০১৩ নিয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেন, ক্ষমতা না দিলে, জনবল না বাড়ালে এবং আইন সংশোধন ছাড়া মানবাধিকার কমিশন কার্যকর ভূমিকা রাখতে পারবে না।
সভায় অস্ট্রেলিয়ার হিউম্যান রাইটস কমিশন নিয়ে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলক।
মতবিনিময় অনুষ্ঠানে বক্তাদের মধ্যে ছিলেন বিচারপতি মো. ইমান আলী, বাংলাদেশ লিগ্যালএইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের পরিচালক সারা হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী তানিয়া আমীর, ব্র্যাকের মানবাধিকার ও লিগ্যাল সার্ভিসের পরিচালক ফস্টিনা পেরেইরা প্রমুখ।