চট্টগ্রাম আইনজীবী প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী আইনজীবীদের ঐক্যের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা জেলা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাম্প্রতিক নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের পরাজয়ের নেপথ্যে ছিল দলীয় অভ্যন্তরীণ কোন্দল। তিনি দেশের সব আইনজীবী সমিতির আওয়ামীপন্থী সদস্যদের শক্তিশালী ঐক্যের ওপর জোর দেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সমিতির জ্যেষ্ঠ আইনজীবীদের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ ৫৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খবর ইউএনবি ও বাসসের।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় বিভিন্ন আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা জয়ী হয়েছেন। কিন্তু যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এল, তখন দৃশ্য পাল্টে গেল।
প্রধানমন্ত্রী বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে আখ্যায়িত করে এ দেশের অর্জিত সাফল্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ একসময় সন্ত্রাসী ও জঙ্গিবাদের দেশ হিসেবে পরিচিত ছিল। বর্তমান সরকার একে একটি সম্ভাবনাময় দেশ ও উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি সম্ভব হয়েছে ব্যাপক উন্নয়ন এবং কঠোর হাতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের মাধ্যমে।’
চট্টগ্রামের উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফলেই চট্টগ্রাম নগর সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এ নগর অবহেলিত ছিল। চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে এবং চট্টগ্রামে নির্মাণ করা হয়েছে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম।
ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইন প্রতিষ্ঠা ও ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে চার লেনে উন্নীতকরণের কাজ এগিয়ে চলেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ছয় লেনের বিধান রেখে মহাসড়কটিতে চার লেনের কাজ চলছে; যাতে ভবিষ্যতে এ মহাসড়কে এক্সপ্রেসওয়ের রুট তৈরি করা যায়। তিনি প্রতিনিধিদলকে জানান, তাঁর সরকার কর্ণফুলী নদীর নিচ দিয়ে একটি টানেল নির্মাণের কাজ হাতে নিয়েছে। এ ছাড়া নগরে একটি রিংরোড তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন বিগত সরকারের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশের দিকে তাকায় না। তারা সব সময় নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকে।