আওয়ামী ও যুবলীগ নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জামায়াতের পক্ষ থেকে এই হুমকি দেওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন।স্থানীয় দুই নেতা হলেন উপজেলার শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলা যুবলীগের সদ্যবিলুপ্ত কমিটির ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান।খাদেমুল ইসলাম ও মজিবুর রহমান জানান, চিরকুটে স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে বলা হয়েছে। তা না করা হলে তাঁদের লাশ ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়। চিরকুটের সঙ্গে পলিথিনের ব্যাগে মোড়ানো কাফনের কাপড় পাঠানো হয়েছে। শনিবার রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা বাড়িতে এসব ফেলে যায়। জামায়াতের শিবগঞ্জ থানা শাখার ভারপ্রাপ্ত আমির মনিরুল ইসলাম বলেন, ‘জামায়াত-শিবিরের নামে চিঠি পাওয়াটা আওয়ামী লীগেরই ষড়যন্ত্রের অংশ।’শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খাদেমুল ইসলাম ও মজিবুর রহমান পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন। পুলিশ কাপড় ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।