আওয়ামী লীগ অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন করবে না: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দুর্নীতি ও লুটপাটের কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এ কারণে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছে। ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যেতে হবে। জনগণের আনুকূল্য আদায় করতে হবে।কুড়িগ্রামের ভূরুঙ্গামারী শিল্পকলা একাডেমী চত্বরে গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে হানিফ এ কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো অনির্বাচিত সরকারে অধীনে নির্বাচন করবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি; সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চাই।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন, তার ভিত্তিতে বিরোধী দলের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হচ্ছে, সেভাবেই নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকাররম হোসেন, সহসভাপতি আমিনুল ইসলাম মণ্ডল, সহসভাপতি আখতারুজ্জামান মণ্ডল, অলক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী প্রমুখ।পরে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে শাহজাহান সিরাজকে সভাপতি, নুরুন্নবী চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং সাইফুর রহমান, এমদাদুল হক ও আসাদুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্যের উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। পরে কুড়িগ্রাম ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে আয়োজিত অপর এক জনসভায়ও বক্তব্য দেন হানিফ।