আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দিনাজপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আপত্তিকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে আত্মসমর্পণ করাবেন। কিন্তু তাঁকে বলব, আওয়ামী লীগ আত্মসমর্পণ করতে জানে না, আত্মসমর্পণ করাতে জানে।’গাজীপুর-৪ উপনির্বাচনে দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে গণসংযোগের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার কাপাসিয়ার পাইলট উচ্চবিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। আজ শুক্রবার নির্বাচনী প্রচারের শেষ দিন। রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, ‘উপনির্বাচনে বিএনপি এলে খুশি হতাম। তারা অন্য সব উপনির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু এখানে অংশ নিচ্ছে না। ভরাডুবি জেনে তারা এই নির্বাচন বর্জন করেছে।’ তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ অন্য দলের সঙ্গে গোপনে আঁতাত করে আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করছেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নির্বাচনে না এসে গোলযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সিমিন হোসেন নির্বাচনে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান। জনসভায় বাবার স্মৃতিচারণা করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এদিকে জনসভা উপলক্ষে পাইলট স্কুল মাঠে বিভিন্ন এলাকা থেকে একের পর এক মিছিল এসে হাজির হয়। মিছিলে, স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। মিছিলকারীরা ‘রিমি আপা’ ও ‘নৌকা নৌকা’ বলে স্লোগান দেয়। বাদ্য বাজিয়ে মিছিলকারীরা সমাবেশস্থলে আসে।কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংসদ রহমত আলী, আ ক ম মোজাম্মেল হক, মেহের আফরোজ, জাহিদ হাসান প্রমুখ।এদিকে স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ গতকাল বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। তিনি কয়েকটি পথসভায় বক্তব্য দেন। সিপিবির প্রার্থী আসাদুল্লাহ বাদল দিনভর গণসংযোগ করেন। তাঁর কর্মীদেরও বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করতে দেখা গেছে।