প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমার কাছে তথ্য আছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবেই। বাংলাদেশের মানুষ আর কালো দিনে ফিরে যাওয়ার জন্য বিএনপিকে ভোট দেবে না।’গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আওয়ামী যুবলীগের ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে জয় এসব কথা বলেন।দলের নেতা-কর্মীদের বিএনপির ‘অপপ্রচারের’ জবাব দেওয়ার আহ্বান জনিয়ে জয় বলেন, ‘বিএনপির মিথ্যা প্রচার আমরা মোকাবিলা করব। অনেকেই বিএনপি আর আওয়ামী লীগের তুলনা করেন। কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে যে আকাশ-পাতাল ব্যবধান এটা দেশবাসীকে মনে করিয়ে দিতে হবে।’সজীব ওয়াজেদ বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করেছে। দেশে এখন লোডশেডিং নেই। তিনি প্রশ্ন রাখেন, বিএনপির আমলে মানুষ বাতি জ্বালিয়ে, ফ্যান চালিয়ে ইফতার করতে পারত? পারত না। বিএনপি সরকার একটিও নতুন বিদ্যুৎ কেন্দ্র বসাতে পারেনি। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিবাজদের বিচার হয় উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন, অনেকেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করে। কিন্তু তুলনা আপনারা এভাবে করে দেখেন—ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশের বর্তমান অবস্থানে ৪০-এর কাছাকাছি। অথচ বিএনপির আমলে টানা পাঁচ বছর দুর্নীতিতে এক নম্বরে ছিল বাংলাদেশ। বিএনপির সময় দুর্নীতিবাজদের গ্রেপ্তার করা হতো না বললেই চলে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ইফতার-পূর্ব আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী প্রমুখ।