আওয়ামী লীগ ইসলামবিরোধী কোনো কাজ করবে না: ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া বলেছেন, আওয়ামী লীগ ধর্মপ্রাণ মানুষের দল। এই দলের মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি হয়নি, ভবিষ্যতেও হবে না। আওয়ামী লীগ কখনোই ইসলামবিরোধী কোনো কাজ করবে না।গতকাল শুক্রবার মতিঝিল জামিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে ২০ দিনব্যাপী লিখনপঠন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত হক্কানি আলেম যেমন মওদুদীবাদকে সমর্থন করতে পারে না, তেমনি তাঁরা যুদ্ধাপরাধীও হতে পারেন না। এ জন্য সরকার সবার কাছে চলমান যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সমর্থন কামনা করছে। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর উবায়দুল মুকতাদির চৌধুরী সব মাদ্রাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস আরও বিস্তারিতভাবে পড়ানোর আহ্বান জানান। উদ্বোধনী বক্তব্যে মাওলানা আবুল ফাতাহ মো. ইয়াহইয়া বলেন, কওমি মাদ্রাসায় পড়াশোনা করে কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে না। তবে এখানকার শিক্ষার্থীরা আধুনিক ও দেশপ্রেমিক ধর্মীয় বিশেষজ্ঞ হিসেবে তৈরি হয়।