ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত একক প্রার্থী দিলেও জয়ের ব্যাপারে শতভাগ ‘নিরাপদ’ নয় আওয়ামী লীগ। তৃণমূলের ভোটে পরাজিত হয়ে সরে দাঁড়ানো আরেকজন দলীয় প্রার্থীকে সমর্থন দিলেও তাঁর অনেক কর্মী-সমর্থক বিএনপির প্রার্থীর পক্ষে গোপনে কাজ করছেন বলে অভিযোগ করেন দলের অনেক নেতা-কর্মী।
তবে বিএনপির এখানে একজন প্রার্থী রয়েছেন। হালুয়াঘাট উপজেলায় আগামীকাল ২৩ মার্চ নির্বাচন হবে। আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, দল থেকে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ও ভুবনকুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলায় আওয়ামী লীগের সদস্য সুরুজ মিয়া সমর্থন চেয়েছিলেন। একক প্রার্থিতা নিয়ে দুই প্রার্থীর বৈঠক চলাকালে ২৩ ফেব্রুয়ারি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রমোদ মানকিনের সামনে দুই পক্ষের সমর্থকের সংঘর্ষে ১০ জন আহতও হন। শেষ পর্যন্ত তৃণমূলের ভোটের মাধ্যমে ফারুখ আহমেদ দলীয় সমর্থন পান।
এরপর সুরুজ মিয়া সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফারুক আহমেদকে সমর্থন দিলেও তাঁর অনেক কর্মী-সমর্থক গোপনে বিএনপির প্রার্থী আজিজুল আহসান ও জাতীয় পার্টির প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেন দলীয় অনেক নেতা-কর্মী। ফারুক আহমেদ খান বলেন, ‘আমি জয়ের ব্যাপরে আশাবাদী।’ সুরুজ মিয়া বলেন, ‘দল-সমর্থিত প্রার্থীর প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। কিন্তু আমাকে সমর্থন না দেওয়ায় দলের আমার অনেক সমর্থক কষ্ট পেয়ে নিষ্ক্রিয় থাকতে পারেন। তাই বলে তাঁরা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন—এ অভিযোগ ঠিক নয়।’ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে উপজেলার সব নেতা-কর্মী কাজ করছেন।’ বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দলটির চারজন প্রার্থী সমর্থন চাইলেও শেষ পর্যন্ত সমর্থনের আশায় মাঠে থাকেন উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মো. আজিজুল আহসান ও সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম এনায়েত উল্লাহ।
এনায়েত উল্লাহ জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ মার্চ তিনি উপজেলা নির্বাচনে ময়মনসিংহ জেলা প্রার্থী চূড়ান্ত করার দায়িত্বপ্রাপ্ত জেলা দক্ষিণ বিএনপির সভাপতি ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের কাছে সিদ্ধান্ত জানতে চাইলে তাঁকে স্পষ্ট কিছু জানানো হয়নি। পরে ৭ মার্চ প্রতীক বরাদ্দের পর তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয় এবং আজিজুল আহসান সমর্থন দেওয়া হয়।
এনায়েত উল্লাহ বলেন, ‘কিছুটা কষ্ট পেলেও আমার সব কর্মী-সমর্থকদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে বলেছি।’
আজিজুল আহসান বলেন, ‘দলের সবাই একজোট হয়ে আমার পক্ষে কাজ করছেন।’