নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সঠিক প্রার্থীকে সমর্থন করা হয়নি বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের নেতারা। শামীম ওসমানকে সমর্থন দেওয়াকে অপরিপক্ব রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন তাঁরা।জ্যেষ্ঠ নেতাদের মত, শামীমকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে দলের একটি চক্র কাজ করেছে। এভাবে প্রার্থী-সমর্থন ভুল হয়েছে। দলের রাজনৈতিক নেতৃত্ব সক্রিয় ও শক্তিশালী থাকলে এ রকম ভুল হতো না। তবে, সরকারের নীতিনির্ধারকেরা সামগ্রিক অর্থে এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেন। নির্বাচনে ইভিএম পদ্ধতির সফল প্রয়োগ এবং সেনাবাহিনী ছাড়াই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে তাঁরা সরকারের সাফল্য বলে মনে করেন। নারায়ণগঞ্জের নির্বাচনের ফলাফল ও প্রার্থী-সমর্থনের বিষয়টিই ছিল গতকাল সোমবার আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাদের আলোচনার কেন্দ্রে। সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন না করায় তাঁরা নিজেদের আত্মসমালোচনা করেন। এমনকি কেন্দ্রীয় পর্যায়ে শামীম ওসমানের সমর্থক নেতারাও তাঁকে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া ভুল ছিল বলে মেনে নিয়েছেন। আবার কেউ কেউ আইভীকে দলের সদস্য হিসেবে উচ্ছ্বাসও প্রকাশ করেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের গতকাল প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জ নিয়ে আমরা বুঝতে ভুল করেছি। ভুল স্বীকার ও সংশোধনের মধ্যে লজ্জার কিছু নেই। তিনি আরও বলেন, এই নির্বাচন রাজনীতিকদের জন্য একটি বড় বার্তা। মানুষের মনের ভাব বুঝে কাজ করতে হবে।’সূত্র জানায়, নারায়ণগঞ্জে মেয়র পদে সমর্থন নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্ব ও বিভক্তি ছিল। একটি অংশ আইভীকে সমর্থন দিতে চেয়েছিল। কিন্তু অপর একটি শক্তিশালী অংশ শামীমের পক্ষে অবস্থান নিয়ে সফল হয়। এর প্রভাব পড়ে স্থানীয় পর্যায়েও। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও পরিষ্কার দ্বিধাবিভক্ত হয়ে পড়েন।জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, এটা স্থানীয় নির্বাচন। যাঁরা শামীমের পক্ষে নির্বাচনে প্রচারে গেছেন, তাঁরা নিজ পছন্দে গেছেন। দলীয় সভানেত্রী কিংবা সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ প্রার্থী-সমর্থন নিয়ে কিছু বলেননি।দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় দলে একটি চক্র কাজ করেছে। এই চক্র থেকে বাঁচতে হলে দলকে রাজনৈতিকভাবে সক্রিয় করতে হবে। রাজনীতিবিদদের হাতে দলের দায়িত্ব দিতে হবে। তাঁরা প্রধানমন্ত্রীকে তৃণমূলের প্রকৃত অবস্থা জানাবেন। তখন সিদ্ধান্তও সঠিক হবে।নাম প্রকাশ না করার শর্তে অপর একজন জ্যেষ্ঠ নেতা বলেন, নারায়ণগঞ্জে প্রার্থী-সমর্থন ছিল ভুল সিদ্ধান্ত। দলের একজন প্রার্থী থাকলে সমর্থন দেওয়া যেত। কিন্তু দুজন প্রার্থী থাকায় একজনকে সমর্থন দেওয়া ঠিক হয়নি। তা ছাড়া স্থানীয় নির্বাচনে প্রার্থী-সমর্থন করা আইনগতভাবেও নিষেধ আছে।সূত্র জানায়, শামীমের পক্ষে যাঁরা নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, তাঁদের একটি অংশ ভুল বুঝতে পেরেছে। আবার কেউ কেউ দলীয় সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে নানা যুক্তি দেওয়ারও চেষ্টা করেন। তবে তাঁদের বেশির ভাই এখন আর মুখ খুলছেন না।আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন। নিজের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘শামীমের প্রতি সমর্থন যেহেতু দলীয় সিদ্ধান্ত ছিল, তাই এটাকে ভুল বলা যাবে না। তবে সামগ্রিকভাবে আমাদের রাজনৈতিক বিজয় হয়েছে।’সূত্র জানায়, গতকাল সকালে শামীম-সমর্থক একজন কেন্দ্রীয় নেতা ফোন করে তাঁকে রাজনীতি করতে হলে আইভীর বিজয় মেনে নেওয়ার পরামর্শ দেন। তাঁকে বলা হয়, সঠিক পথে চলতে হবে। তবে আগের মতো কানাডায় থাকতে চাইলে আর কোনো কথা নেই।সূত্র জানায়, গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ব্যক্তিগত কর্মকর্তা নবনির্বাচিত মেয়র আইভীর সঙ্গে কথা বলেন। বিজয়ের পরে দলের প্রতি সমর্থন ও অঙ্গীকার ব্যক্ত করায় আইভীর প্রতি আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সন্তোষের কথা জানান। এর আগে আইভীর বিজয়ে রোববার রাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন।