আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে তোরণ-গাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিভিন্ন জায়গায় তৈরি করা তোরণ, ব্যানার ও বিলবোর্ড শুক্রবার রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা ভেঙে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া গতকাল শনিবার দুপুরে জনসভায় যাওয়ার সময় পথে নেতা-কর্মীদের বাধা দেওয়া হয় বলে বিএনপির সূত্র জানায়।এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা জানান, গতকাল বিকেলে কাপাসিয়ার ঘাগটিয়াচালা বাজারের পাশে ঘাগটিয়া ওয়েলফেয়ার ক্লাবের মাঠে স্থানীয় বিএনপি এক জনসভা আহ্বান করে। ওই জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম জানান, খালেদা জিয়ার জনসভা উপলক্ষে সদর উপজেলার কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কে বিপুলসংখ্যক তোরণ, ব্যানার ও বিলবোর্ড তৈরি করা হয়। গত শুক্রবার সন্ধ্যার পর শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা দা, লাঠি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকটি তোরণ ভেঙে ফেলেন। এ সময় তাঁরা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডও ভেঙে ফেলেন। রাত সোয়া নয়টার দিকে বিএনপির বিলবোর্ড ও ফেস্টুনবাহী একটি পিকআপ ভ্যান একই এলাকায় (রাজাবাড়ি) আটক করে তাঁরা (ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা) ভাঙচুর করেন। এদিকে গতকাল দুপুরে বিএনপির নেতা-কর্মীরা বাস নিয়ে সভাস্থলে যাওয়ার পথে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে সমাবেশে যেতে বাধা দেন। রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আফসার উদ্দিন জানান, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী ভাঙচুরের ঘটনায় জড়িত নন। কারা ভাঙচুর করেছে, তা তাঁর জানা নেই।