কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান জয়ী হয়েছেন। অন্যদিকে শাকপুর ইউনিয়নে জামায়াত-সমর্থিত দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মমতাজ উদ্দিন বিজয়ী হয়েছেন। নবগঠিত ওই দুই ইউনিয়নে প্রথমবারের মতো গতকাল সোমবার নির্বাচন হয়।উভয় ইউনিয়নে পাঁচজন করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ভোটারদের বিপুল উপস্থিতি লক্ষ করা গেছে। নির্বাচনে নারী ভোটারদের অংশ নেওয়া ছিল চোখে পড়ার মতো। দলীয় সূত্র দাবি করে, ভাউকসার ইউনিয়নে বিএনপির তিনজন ও জামায়াতের একজন প্রার্থী হওয়ায় বিএনপি-সমর্থিত প্রার্থী ৪৩৯ ভোটে পরাজিত হন। অন্যদিকে শাকপুর ইউনিয়নে আওয়ামী লীগের তিনজন চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আওয়ামী-সমর্থিত প্রার্থী ৪৫ ভোটে পরাজিত হন। ভাউকসার ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. মিজানুর রহমান পেয়েছেন দুই হাজার ৮৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী সৈয়দ মাসরুল হক পেয়েছেন দুই হাজার ৪৫০ ভোট।রিটার্নিং কর্মকর্তা ও বরুড়া উপজেলা প্রকৌশলী মো. সাহাবউদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। শাকপুর ইউনিয়নে জামায়াত-সমর্থিত প্রার্থী মো. মমতাজ উদ্দিন পান দুই হাজার ৬২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত দেয়ালঘড়ি প্রতীকের হরেকৃষ্ণ বণিক পেয়েছেন দুই হাজার ৫৮০ ভোট।