পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই দল দুটির একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। তবে একক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছে জামায়াত।
উপজেলা নির্বাচন কার্যালয় ও দলীয় নেতা-কর্মীরা জানান, এবার চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের দুজন, বিএনপির তিনজন ও জামায়াতের একজন প্রার্থী রয়েছেন।
তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন, কাশীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান ও সদস্য সালাউদ্দিন খান এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক। ধুলাউড়ি ইউনিয়ন জামায়াতের আমির মোখলেছুর রহমান প্রার্থী হয়েছেন।
নেতা-কর্মীরা জানান, সাবেক দুই প্রতিমন্ত্রী আবু সাইয়িদ ও শামসুল হক টুকুর দ্বন্দ্বের কারণে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বিভক্ত। এবারের উপজেলা নির্বাচনে এই দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। টুকুর নিয়ন্ত্রণে থাকা উপজেলা আওয়ামী লীগ ইতিমধ্যেই মঞ্জুর এলাহীকে সমর্থন দিয়েছে। সাইয়িদ-সমর্থিত আওয়ামী লীগের অংশ থেকে নিজামউদ্দিনকে সমর্থন দিয়েছে।
নিজামউদ্দিন বলেন, ‘উপজেলা নির্বাচন নির্দলীয় বলে দলীয় সমর্থন পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীই নন, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কারণে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।’
মঞ্জুর এলাহী বলেন, ‘দল আমাকে সমর্থন দেওয়ায় উপজেলার সব নেতা-কর্মী ও সাধারণ মানুষ আমার সঙ্গে রয়েছেন। কেউ দলের নাম ভাঙিয়ে ভোট চাইলেও তাতে কোনো লাভ হবে না।’
দলীয় সমর্থন পাওয়া নিয়ে বিএনপির তিন প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গত সোমবার জেলা কমিটি ভোটের মাধ্যমে দলীয় সমর্থন দেওয়ার আয়োজন করলে সালাউদ্দিন খান ও ইমদাদুল হক তা বর্জন করেন। পরে জেলা বিএনপির পক্ষ থেকে শামসুর রহমানকে দলীয় সমর্থন দেওয়া হয়। কিন্তু এ ঘোষণাকে অবৈধ দাবি করে ওই দিনই সংবাদ সমেঞ্চলন করেন সালাউদ্দিন ও ইমদাদুল নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন বলে জানান।
শামসুর রহমান বলেন, ‘দল আমাকে সমর্থন দিয়েছে। দলের সব নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছি।’ সালাউদ্দিন খান বলেন, ‘অস্বচ্ছ প্রক্রিয়ায় দলীয় প্রার্থী নির্বাচনের ব্যবস্থা করা হয়। দলের শীর্ষ নেতাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে তোতা বলেন, ‘মাঠপর্যায়ের নেতা-কর্মীদের ভোটে শামসুর রহমানকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে। এ বিষয়টি না মেনে কেউ বিভ্রান্তি সৃষ্টি করলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
জামায়াত-সমর্থিত প্রার্থী মোখলেছুর রহমান বলেন, ‘আমি জামায়াতের একজন কর্মী হলেও সাধারণ মানুষের সমর্থন নিয়ে নির্বাচন করছি। বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচনের মাঠে থাকলেও এ ব্যাপারে সমন্বয়ের চেষ্টা চলছে। সমন্বয় না হলে স্বাধীনভাবে নির্বাচন করব।’