পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভা নির্বাচন পরিচালনা করার জন্য আওয়ামী লীগ ও বিএনপি কমিটি গঠন করেছে। দলের মনোনীত মেয়র প্রার্থী, আর দল-সমর্থিত কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের জেতাতে দুটি দলের স্থানীয় নেতারা মাঠে নেমেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিশেষ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সুলতান মাহমুদ। এতে সিদ্ধান্ত হয়েছে কলাপাড়া ও কুয়াকাটার ১৮টি ওয়ার্ডেই কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দল-সমর্থিত প্রার্থীদের বাইরে দলের বিভিন্ন পর্যায়ের যেসব নেতা-কর্মী মনোনয়নপত্র দাখিল করেছেন, ১৩ ডিসেম্বরের মধ্যে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হবে। তা ছাড়া কলাপাড়া-কুয়াকাটা পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারীকে ব্যক্তি হিসেবে নয়, নৌকা মার্কার প্রার্থী হিসেবে জেতানোর জন্য প্রত্যেক নেতা-কর্মীকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করার জন্য যেতে হবে। দলের মেয়র-কাউন্সিলর প্রার্থীদের জয়লাভের পথ নিশ্চিত করতে হবে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য উপজেলা আওয়ামী লীগ ১১ সদস্যের কমিটি গঠন করেছে। ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সুলতান মাহমুদকে।
এদিকে এক সপ্তাহ আগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে একইভাবে কলাপাড়া-কুয়াকাটা পৌরসভা নির্বাচনে দলের মনোনীত মেয়র, আর দল-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য সভা করা হয়। এতে কলাপাড়া পৌরসভায় নির্বাচন পরিচালনা করার জন্য কলাপাড়া পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নূর বাহাদুরকে আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সদস্য মো. নুরুল হক মুন্সীকে সদস্যসচিব করা হয়েছে।
উপজেলা বিএনপির সহসম্পাদক শাহজাহান পারভেজ বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আগের চেয়ে আমরা আরও বেশি ঐক্যবদ্ধ। কলাপাড়া পৌরসভা এবং কুয়াকাটায় বিগত দিনগুলোতে বিএনপি বেশি ভোট পেয়েছে। বিএনপির প্রতি সাধারণ ভোটারদের সমর্থন এসব স্থানে সব সময়ই বেশি ছিল। কলাপাড়ায় যাতে দলের প্রার্থীদের বিজয়ী করা যায়, সে জন্য কমিটি করা হয়েছে। কুয়াকাটা পৌরসভার নির্বাচন পরিচালনা কমিটিও দুই-এক দিনের মধ্যে করা হবে।’
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান মাহমুদ বলেন, ‘আমরা চাই দুটি পৌরসভাতেই আমাদের প্রার্থীরা জয়ী হোক। কলাপাড়াতে সভা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি, কুয়াকাটাতেও সেভাবে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তা ছাড়া যাঁরা দলের সমর্থনের বাইরে প্রার্থী হয়েছেন, তাঁদের বুঝিয়ে প্রার্থিতা প্রত্যাহার করানোর চেষ্টা অব্যাহত রেখেছি।’