এক মঞ্চে ড. কামাল, বি. চৌধুরী আ স ম রব ও কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে ঐক্যের ডাক
বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সরকারের উদ্দেশে বলেছেন, ‘হল-মার্কের কয়েক হাজার কোটি টাকা, শেয়ারবাজারের টাকাসহ সব দুর্নীতির টাকা ব্যাংকের নয়, এগুলো আপনাদের পকেটের টাকা। আপনাদের পকেটের টাকাই ওরা প্রতিদিন চুরি করছে। ওদের রুখতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বদরুদ্দোজা চৌধুরী জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন এ দেশে হতে দেওয়া হবে না।’গতকাল বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে ‘ভোট ডাকাত দিবস’ উপলক্ষে উপজেলার এয়ারফোর্স বাজারে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন। ওই মঞ্চে ড. কামাল, আ স ম আবদুর রব ও কাদের সিদ্দিকী সরকার ও বিরোধী দলের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সরকারের সমালোচনা করে বলেন, ‘যে সরকার পুলিশ বাহিনীকে বাঁচাতে পারে না, সেই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ। সরকার বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস সৃষ্টি করে ছাত্রদের লেখাপড়ার পরিবেশ বিনষ্ট করেছে। ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে গুলিবিনিময়, নিয়োগ-বাণিজ্য, ভর্তি-বাণিজ্য, টেন্ডার-বাণিজ্য করছে। এ সরকার দেশ চালাতে, জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যারা আমার সমালোচনা করেন, তাঁদের আমি দোয়া করি, তাঁদের মাথা যেন সুস্থ থাকে।’জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘কাদের সিদ্দিকীকে যিনি যুদ্ধাপরাধী বলেছেন, তিনি জাতিকে অসমঞ্চান করেছেন। প্রশাসনকে আত্মীয়করণ, দলীয়করণ ও গোষ্ঠীকরণ এমনভাবে করেছেন, যেন দেশটা মগের মুল্লুক।’ তিনি আরও বলেন, যাঁরা ড. ইউনূস, ড. কামালকে অপমান করেছেন, সেই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন জাতি আশা করতে পারে না। তিনি আরও বলেন, দুই নেত্রীর বিরুদ্ধে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে।কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগ নিজে জামায়াত সেজে পুলিশকে মেরেছে। আমরা যখন সরকার গঠন করব, তখন পুলিশের বেতন চার গুণ করব। আওয়ামী লীগ আর প্রধান বিরোধী দলে থাকতে পারবে না। এ নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ও খালেদাকে ভয় পাওয়ার মতো পুরুষ আমরা নই।’যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিকল্পধারার সাধারণ সম্পাদক আবদুল মান্নান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক, নাসরিন কাদের সিদ্দিকী প্রমুখ। প্রতিবাদ সভায় চারটি রাজনৈতিক দলের প্রধানেরা আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে ভোট ডাকাতির অভিযোগে কাদের সিদ্দিকী প্রতিবছর ১৫ নভেম্বর ‘ভোট ডাকাতি দিবস’ পালন করে আসছেন।