বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ ও মানবাধিকার পরস্পরবিরোধী। আওয়ামী লীগই দেশে প্রথম জরুরি আইন জারি ও একদলীয় শাসন কায়েম করেছিল। আর বিএনপি দেশে গণতন্ত্র এনেছে, সংসদীয় গণতন্ত্র চালু করেছে। এখন গণতন্ত্র বিপন্ন। তাই গণতন্ত্র রক্ষায় আন্দোলন করতে হবে। ২৭ জুন হরতালের মধ্য দিয়ে এ আন্দোলন শুরু হবে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মওদুদ আহমদ বলেন, জানি হরতালে মানুষের কষ্ট হয়। কিন্তু গত দেড় বছর দেশের মানুষ এত কষ্ট পেয়েছে, এতে এক দিনের কষ্ট কিছুই নয়। তিনি বলেন, ‘এখন দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। ওরা যে কেন নৌকায় ভোট দেয় বুঝি না। আমাদের সময় ক্রসফায়ার নিয়েও কত সমালোচনা শুনেছি। এখন ক্রসফায়ার হচ্ছে কিন্তু সেই বুদ্ধিজীবীরা গেল কোথায়? সেই সুশীলরা এখন কোথায় গেছে?’সুশীল ফোরাম আয়োজিত ‘প্রকৃত মানবতাবিরোধীদের বিচার ও নারীর নিরাপত্তায় সরকারের ভূমিকা’ শীর্ষক এ গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদ হোসেন। অন্যদের মধ্যে বিএনপির সাংসদ মাহবুবউদ্দিন, শিরীন সুলতানা, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা প্রমুখ বক্তব্য দেন।