আওয়ামী লীগ দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য ১৯৭২ সালের মূল সংবিধানে ফিরে যাওয়ার কথা বলে থাকে। বাস্তবে দলটি কোনো দিনও বাহাত্তরের সংবিধানে ফিরে যাবে না।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘পঞ্চম সংশোধনী বাতিল ও জাতীয় স্বাধীনতার জন্য হুমকি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা বলেন। তিনি বলেন, মূল সংবিধানে ফিরে যেতে হলে সংবিধান থেকে বিসমিল্লাহ, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ও জরুরি আইনের বিধান বাতিল করতে হবে। আওয়ামী লীগ কখনো তা করতে পারবে না, করবেও না।মওদুদ আহমদ নিজেকে বাহাত্তরের সংবিধান প্রণেতাদের একজন দাবি করে বলেন, ১৯৭২-এর মূল সংবিধান ভালো ছিল, তবে এতে কিছু শূন্যতাও ছিল। কিন্তু চতুর্থ সংশোধনীর মাধ্যমে ওই সংবিধানে একনায়কতন্ত্র কায়েম করা হয়।বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি আয়োজিত এ আলোচনায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংসদ মাহবুব উদ্দিন, মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হামিদুল্লাহ খান প্রমুখ বক্তব্য দেন।