আওয়ামী লীগ কাউকে ক্ষমা করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার আইনের শাসনে বিশ্বাস করে। আওয়ামী লীগ কাউকে ক্ষমা করে না। বিএনপির সময় সন্ত্রাসীরা সুইডেনে চলে যেত। পরে দেশে এসে এক দিনের সাজা খেটে রাষ্ট্রপতির ক্ষমা পেতেন।’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে গতকাল শনিবার দুপুরে তিতাস নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিবের করা মন্তব্যের উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘তিনি প্রথমে বললেন, রায় ভালো হয়েছে। পরে বললেন, আমাদের রাষ্ট্রপতি নাকি তাঁদের ক্ষমা করে দেবেন।’ এ সময় মন্ত্রী বিএনপির মহাসচিবকে একজন ‘নাট্যকার’ ও ‘পণ্ডিত’ বলে মন্তব্য করেন।

স্বাগত বক্তব্যে তিতাস নদী খনন প্রকল্পের পরিচালক মো. নূরুল আমিন বলেন, প্রকল্পের কাজ শেষ হলে নাব্যতার সংকট কাটিয়ে তিতাস আবারও জেগে উঠবে। মেঘনা নদীর পানি তিতাসে প্রবাহিত হবে।

ধরখার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজলি খলিফা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন প্রমুখ।