গাজীপুরে কৃষি বিশ্বদ্যালয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সীমান্ত সমস্যার সমাধান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের লোকসভায় স্থল সীমান্ত চুক্তি বিল পাস হওয়াকে তাঁর সরকারের বিশাল রাজনৈতিক সাফল্য উল্লেখ করে বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় কয়েক দশকের এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।
গতকাল শনিবার সকালে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘এর আগে আমরা ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সমস্যারও সমাধান করেছি। এখন ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তির সমস্যা সমাধান করেছি।’ খবর বাসসের।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যারা দ্বৈত ভূমিকা পালন করেছে, তারাই আওয়ামী লীগকে ভারতের দালাল বলেছে। অথচ তারাই আবার ভারতের পা ধরে বসে থেকেছে।’
স্থলসীমান্ত চুক্তি বিল পাসের উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর প্রথম দুটি প্রতিবেশীর দেশের মধ্যকার কয়েক দশকের পুরোনো সীমান্তবিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেন। এ বিষয়টি ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির অন্তর্ভুক্ত করা হয়। তখনই এটি বাংলাদেশ সংসদে অনুমোদন দেয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে অমীমাংসিত সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে আবার ওই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার থেমে যাওয়া প্রক্রিয়া ফের সচল করে।
মুজিব-ইন্দিরা চুক্তির বিরুদ্ধে অপপ্রচারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গত ৪০ বছর ধরে শুনে এসেছে ওই চুক্তি ছিল ‘৪০ বছরের গোলামি চুক্তি’। কিন্তু এখন সবাই বুঝতে পারছে যে এটি ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার। এখন এটি প্রমাণিত হলো, বাংলাদেশ ওই চুক্তির মাধ্যমে লাভবান হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, কৃষিবিদ আবদুল মান্নান, সাংসদ এ এফ এম বাহাউদ্দিন নাসিম ও জাহিদ আহসান রাসেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এর আগে প্রধানমন্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, ড. এম এ ওয়াজেদ মিয়া সেন্ট্রাল ল্যাবরেটরি, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল, কৃষি অনুষদ ভবন, মৎস্য অনুষদ ভবন, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড এনিমেল সায়েন্স ফ্যাকাল্টি ভবন এবং বেগম সুফিয়া কামাল অডিটরিয়াম উদ্বোধন করেন। এ ছাড়া আরও কয়েকটি হল ও স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বিদ্যুৎহীন: গাজীপুর প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী যখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা উদ্বোধন করতে যান তখন ওই এলাকায় বিদ্যুৎ চলে যায়। এরপর প্রায় ১০ মিনিট ওই এলাকা বিদ্যুৎহীন থাকে।
ওই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. জহিরুল ইসলাম ও ডিজিএম (টেকনিক্যাল) খান মো. বোরহান উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।