আওয়ামী লীগ-ছাত্রলীগের কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গতকাল দুপুরে সিলেট নগরের পাঠানটুলা-মদিনা মার্কেট এলাকায় ভাঙচুর এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন প্রথম আলো
জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গতকাল দুপুরে সিলেট নগরের পাঠানটুলা-মদিনা মার্কেট এলাকায় ভাঙচুর এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন প্রথম আলো

বাগেরহাটে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা আওয়ামী লীগের দুটি কার্যালয় এবং ছয়টি দোকান পুড়িয়ে দিয়েছে। কুষ্টিয়া শহরে ছাত্রলীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে পটুয়াখালী সরকারি কলেজের আসবাব রাখার একটি কক্ষ। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট বাজারে গতকাল বুধবার ভোররাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় এবং ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। একই সময়ে পৃথক ঘটনায় দুর্বৃত্তের দেওয়া আগুনে ইউনিয়নের রণভূম গ্রামে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় আংশিক পুড়ে গেছে।
শ্রীঘাট বাজারে পুড়ে যাওয়া ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে, হালিম শেখ, নূর মোহমঞ্চদ ও শেখ নজরুল ইসলামের তিনটি চায়ের দোকান, এখলাছ শেখের খাবারের দোকান, শেখ ফারুক আহমেদের মাছের খাবারের দোকান এবং আবদুল আজিজ সরদারের কাঠের আসবাবের কারখানা ও দোকান।
পুড়ে যাওয়া দুটি দোকানঘরের মালিক আবদুস সাত্তার জানান, রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে কোনো একসময়ে দাহ্য পদার্থ দিয়ে প্রথমে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন দ্রুত কার্যালয়ের দুই পাশের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। ভোর চারটার দিকে আগুন নেভানোর আগেই কার্যালয় ও দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের সাদ্দাম মোড়ে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। কয়েক মিনিটের মধ্যে কার্যালয়টি পুড়ে যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়নি।
পটুয়াখালী: পটুয়াখালী সরকারি কলেজে পুরাতন আসবাব রাখার একটি কক্ষ মঙ্গলবার গভীর রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রাণেশ কান্তি শিকদার জানান, রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। দমকল বাহিনীর দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিকল্পিতভাবে ওই কক্ষে আগুন লাগানো হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এটি নাশকতা কি না, সে ব্যাপারে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় কলেজের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।