আওয়ামী লীগ ছাড়া সব দলের সমর্থন চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, তাঁর দল আওয়ামী লীগ ছাড়া বাকি সব রাজনৈতিক দলের সমর্থন চায়। তাঁর মতে, বর্তমান সরকারের পতনের জন্য এ ছাড়া বিকল্প নেই।গতকাল শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে মওদুদ আহমদ এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের আরও কয়েকজন নেতার বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।মওদুদ আহমদ অভিযোগ করেন, কেবল রাজনৈতিক কারণে তারেক রহমানকে হেনস্তা করা হচ্ছে। তাঁকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্রে আসামি করাটাও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল ও জিয়া পরিবারকে হেয় করতে পরিকল্পিতভাবে সরকার এটা করছে। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলায় বিগত তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান আওয়ামী লীগ সরকার সুস্পষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি।সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা মানে, দেশের সব মানুষের বিরুদ্ধে পরোয়ানা জারি করা। কেননা, তারেক রহমান এখন আর কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। তিনি এখন জাতীয়তাবাদী শক্তির একজন ধারক ও বাহক।মির্জা ফখরুল বলেন, এই পরোয়ানা জারিতে প্রমাণিত হয়েছে, সরকার এখন আর জনগণের ওপর আস্থা রাখতে পারছে না। তারা তারেক রহমানকে ভয় পাচ্ছে। তারেককে নির্বাচন থেকে দূরে রাখতে তাঁকে এ মামলায় সাজা দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার।বিএনপির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ প্রমুখ।