আওয়ামী লীগ জাপা সংঘর্ষে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মঙ্গলবার সকালে ছাত্রলীগের এক কর্মীকে একটি ভটভটির ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দফা মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি একপর্যায়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) মধ্যে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে তিন জন আহত হয়েছে।জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সান্তাহারে অবস্থিত আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের কর্মী আবু হাসানকে একটি ভটভটির ধাক্কা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভটভটির চালক আওয়ামী লীগ-সমর্থক হারুনকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেন। এতে তিনি আহত হন। এ ঘটনায় তাঁর পক্ষ নিয়ে স্থানীয় ভ্যানচালকেরা ছাত্রলীগের কর্মী আবু হাসানকে পিটিয়ে আহত করেন। দুই দফা মারামারির সময় জাপার সমর্থক রাজ্জাক দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। এর জের ধরে ছাত্রলীগের কিছুসংখ্যক নেতা-কর্মী দলবদ্ধ হয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাঁকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পরে উপজেলা জাপার সভাপতি ফেরদৌস হাসানের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, সামান্য ভুল-বোঝাবুঝি নিয়ে বিবাদের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।তবে জাপার নেতা ফেরদৌস হাসানের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।