আওয়ামী লীগ-জাসদ শরিকে শরিকে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ ধাপে ৪ জুন পাবনা সদর ও চাটমোহর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুই উপজেলার অধিকাংশ ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তবে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শরিক দল জাসদ। ক্ষমতার স্বার্থে একজোট থাকলেও এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগকে ছাড় দিতে নারাজ জাসদ।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ ও শেষ ধাপে দুই উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ১০টি ইউনিয়ন। এগুলো হচ্ছে আতাইকুলা, গয়েশপুর, চর তারাপুর, দাপুনিয়া, দোগাছি, ভাড়ারা, মালঞ্চি, মালিগাছা, সাদুল্লাপুর ও হিমাইতপুর। চাটমোহর উপজেলার ছয়টি ইউনিয়ন হলো হরিপুর, গুনাইগাছা, ছাইকোলা, বিলচলন, নিমাইচড়া ও হান্ডিয়াল।
এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। অধিকাংশ ইউনিয়নেই সরকারদলীয় প্রার্থীদের আধিপত্য। তবে তাঁদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলীয় বিদ্রোহীরা। দুই উপজেলার ১৬টি ইউনিয়নের ১৪টিতেই দলীয় বিদ্রোহী রয়েছেন আওয়ামী লীগের। অন্যদিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শরিক দল জাসদ। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান। অন্যদিকে তাঁর বিপক্ষে মশাল প্রতীক নিয়ে লড়ছেন জাসদের প্রার্থী সুলতান মাহমুদ।
জাসদের প্রার্থীর অভিযোগ, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই নৌকার প্রার্থীর সমর্থকেরা তাঁর কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানি করছেন। বাড়িঘর ভাঙচুর করেছেন। এসব বিষয় পুলিশসহ বিভিন্ন দপ্তরে জানিয়েও লাভ হয়নি।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী আবু সাইদ খান বলেন, ‘ভাড়ারা ইউনিয়নে আমি পরীক্ষিত প্রার্থী। এলাকাবাসী আমাকে দুবার নির্বাচিত করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এলাকাবাসী এবারও নৌকায় ভোট দেবে। তাই নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে জাসদের প্রার্থী আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিচ্ছে।’
পাবনা জেলা জাসদের সাধারণ সম্পাদক হাবিবুল হক বলেন, ‘এলাকার মানুষ পরিবর্তন চায়। কেউ যদি জোর করে ভোট কেটে নেওয়ার চেষ্টা করে, তবে জনগণই প্রতিরোধ গড়বে।’
পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান বলেন, শরিক দলের প্রার্থী থাকলেও জনগণ আওয়ামী লীগের প্রার্থীকেই বিজয়ী করবে। পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, শুধু ভাড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচন নয়; প্রতিটি ইউনিয়নেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।