বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নিজেদের মতো সংবিধান সংশোধন করে দেশে একদলীয় বাকশাল কয়েমের ষড়যন্ত্র করছে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠকে যোগ দিতে বিরোধীদলীয় নেত্রীকে নামমাত্র চিঠি দেওয়া হয়েছে। আসলে সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চায় না বিশেষ কমিটি।গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার ফকিরহাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বীজবাগ ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন।জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পানি, বিদ্যুৎ ও গ্যাসসহ কোনো সমস্যারই সমাধান করতে পারেনি। শেয়ার কেলেঙ্কারিতে ৩৩ লাখ বিনিয়োগকারী পথে বসার উপক্রম হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও সরকার এখন তা প্রকাশ করতে চায় না। তারা এ নিয়ে গড়িমসি শুরু করেছে। আমরা বলেছি, এই কেলেঙ্কারিতে যদি বিএনপিরও কেউ জড়িত থাকে, তার নাম প্রকাশ করা হোক।ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, নবীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিন উল্লা, উপজেলা যুবদলের সভাপতি মির্জা মোস্তফা, ছাত্রদলের সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।