আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবদলের নেতা গ্রেপ্তার
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ ও বিচারকদের নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবদলের সহসভাপতি জাকির হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে জাকির হোসেনের ফেসবুকে আওয়ামী লীগকে কটাক্ষ করে মন্তব্য লেখা হয়। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার রায় দেওয়া বিচারককে নিয়েও কটূক্তি করা হয়। ফেসবুকের ওই মন্তব্য চারদিকে ছড়িয়ে পড়লে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা বিষয়টি সরাইল থানার পুলিশকে জানান। পরে জাকির হোসেনকে গ্রেপ্তার করেন শাহবাজপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. আবদুল আলীম। গতকাল পুলিশের পক্ষ থেকে সরাইল থানায় মামলা করা হয়।
সরাইল থানার হাজতে জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। ২২ জুলাই সন্ধ্যায় আমার ফোনটি একটি দোকানে চার্জ করতে দিয়েছিলাম। সেখানে কে বা কারা আমার ফোনটি ব্যবহার করে আওয়ামী লীগ ও বিচারক সম্পর্কে নানা কথা লিখেছে। লেখাগুলো আমার নয়।’
সরাইল থানার ওসি রূপক কুমার সাহা বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে।