আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কাজে বাধাদান ও কর্মচারীদের মারধরের অভিযোগে সুনামগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা বেলায়েত হোসেনকে তাঁর কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার দুপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পে কর্মরতদের প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মাতাল অবস্থায় অসৌজন্যমূলক আচরণ ও দুই কর্মচারীকে মারধর করায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বিআরডিবির সুনামগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) প্রীতিকণা দে জানান, গতকাল তাঁর কার্যালয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছিল। এ সময় বেলায়েত হোসেন প্রশিক্ষণকক্ষে ঢুকে পরিদর্শক আবদুর রশিদকে মারধর শুরু করেন। কক্ষে থাকা অন্যরা তাঁকে থামাতে গেলে তিনি তাঁদেরও মারধর শুরু করে কাগজপত্র কক্ষের বাইরে ছুড়ে ফেলে দেন।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তিনি পেছনের দরজা দিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার এসে হট্টগোল শুরু করলে পাশের ভবনে অবস্থানকারী পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন। বিআরডিবির একাধিক কর্মচারী জানান, বেলায়েত হোসেন তাঁর কার্যালয়ে বসেই দিনদুপুরে মদ পান করেন। কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফায়াত মাহবুব চৌধুরী জানান, বেলায়েত হোসেন মদ্যপ অবস্থায় বিআরডিবির কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে তাঁদের মারধর করায় পুলিশ তাঁকে আটক করে।