আওয়ামী লীগ নেতা চালাচ্ছেন নগ্ননৃত্য ও জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর বাজারে এক সপ্তাহ ধরে যাত্রার নামে নগ্ননৃত্য চলছে। পাশাপাশি ডাব্বু, চরকি, ওয়ান-টেন, ঘিন্নিসহ নানা ধরনের জুয়া ও হাউজি চলছে। স্থানীয় প্রশাসনকে মাসোহারা দিয়ে আটমূল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রেজাউল ইসলাম এ যাত্রা ও জুয়া চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ভায়েরপুকুর বাজার। সেখান থেকে উত্তর দিকে সামান্য পথ এগোলেই মাঠে আলুখেত বিনষ্ট করে টিন দিয়ে ঘিরে যাত্রা ও জুয়ার আলাদা আলাদা মঞ্চ বানানো হয়েছে। প্রবেশপথে সাজানো সুসজ্জিত তোরণ। এ তোরণ দিয়েই যাত্রা ও জুয়ার মঞ্চে যেতে হয়।
এলাকাবাসী অভিযোগ করেন, গ্রামে গ্রামে এখন কৃষকের গোলায় নতুন ধান। বেশির ভাগ কৃষকের হাতেই এখন ধান বিক্রির কাঁচা টাকা। এ সুযোগকে কাজে লাগিয়ে কৃষকের টাকা হাতিয়ে নিতে ১৩ ডিসেম্বর থেকে ভায়েরপুকুরে নগ্ননৃত্য ও জুয়ার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা হলেই ভায়েরপুকুর বাজারের চিত্র পাল্টে যাচ্ছে। সারা দিন মানুষের তেমন দেখা না মিললেও সন্ধ্যার পর থেকে চোখে পড়ছে দলে দলে মানুষের সারি। সবাই রিকশা-ভ্যানে চড়ে, পায়ে হেঁটে, মোটরসাইকেল-সিএনজচালিত অটোরিকশায় চেপে জুয়ার আসরে ছুটছেন। এসব আসরে মানুষকে বেশি করে আকৃষ্ট করতে গভীর রাতে যাত্রার নামে শুরু হয় নগ্ননৃত্য।
নাম প্রকাশে অনিচ্ছুক ভায়েরপুকুর বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘যাত্রা দেখতে গিয়ে বিপাকে পড়েছিলাম। যাত্রার নামে চরম নগ্নতা প্রদর্শন করা হচ্ছে। পরিস্থিতি এতটাই লজ্জাজনক যে আধা ঘণ্টা না যেতেই বেরিয়ে আসতে বাধ্য হলাম।’
ভায়েরপুকুর এলাকার এক শিক্ষক বলেন, ‘যাত্রার নামে নগ্ননৃত্য ও বিভিন্ন ধরনের জুয়া শুরু হওয়ায় এলাকায় মানসম্মান নিয়ে থাকা কঠিন হয়ে পড়েছে। আটমূল ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক (শাহাজাদা-করিম পক্ষ) রেজাউল ইসলাম এসব কুকর্মের প্রধান হোতা। স্থানীয় প্রশাসন নিয়মিত মাসোহারা নেয় তাঁর কাছ থেকে। তাই প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।’
রেজাউল ইসলাম বলেন, ‘প্রয়োজনীয় অনুমতি নিয়েই জুয়া চালানো হচ্ছে। আর যাত্রা চালানো হচ্ছে সমঝোতা করে।’
মাসোহারা নেওয়ার কথা অস্বীকার করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ‘যথাযথ অনুমতি নিয়ে সেখানে যাত্রা-জুয়া শুরু হওয়ায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না।’