আওয়ামী লীগ নেতা জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণ পেয়েও না পাওয়ার অভিযোগকারী ব্যক্তিকে কান করে ওঠবস করানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা গতকাল সোমবার জামিনে মুক্তি পেয়েছেন।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় দায়ের করা মামলায় দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল বাছিতকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁকে গতকাল সিলেট মহানগরের বিচারিক হাকিম (দ্বিতীয়) হরিদাস কুমারের আদালতে হাজির করা হয়। এ সময় বাছিতের পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

ত্রাণ পেয়েও একটি বেসরকারি টিভি চ্যানেলে বলেছিলেন, ত্রাণ পাননি। এই অভিযোগে দিনমজুর লুৎফুর রহমান ওরফে লকসু মিয়াকে গত বৃহস্পতিবার একটি সমাবেশে কান ধরে ওঠবস করান আবদুল বাছিত। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, রোববার রাত সাড়ে নয়টার দিকে লুৎফুর ও বাছিতকে থানায় ডেকে নেয় পুলিশ। দুজনের বক্তব্য শোনার পর লুৎফুর বাদী হয়ে বাছিতকে আসামি করে মামলা করেন। এ মামলায় বাছিতকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সকালে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবারে সমাবেশে উপস্থিত ব৵ক্তিরা জানান, লুৎফুরকে সেদিন জোর করে সমাবেশে হাজির করা হয়। টানাহ্যাঁচড়া করে মাফ চাইতে বাধ্য করা হয়। কান ধরতে বাধ্য করা হয়।