সুনামগঞ্জের দিরাইয়ে একটি জলমহালের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতাদের আসামি করার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগ এসব কর্মসূচির আয়োজন করে।
গত মঙ্গলবার সকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের পাশের জারলিয়া জলমহালের দখল নিয়ে দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত ও ২২ জন আহত হন। নিহত তিনজনই একরার হোসেনের সমর্থক।
এ ঘটনায় বৃহস্পতিবার দিরাই থানায় দুটি পাল্টাপাল্টি মামলা হয়। একরার হোসেনের দায়ের করা হত্যা মামলায় দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৩৯ জনকে আসামি করা হয়েছে। জলমহাল লুটপাটের অভিযোগে অপর মামলাটি করেন নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাশ। মামলায় একরার হোসেনসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।
ওই মামলায় আওয়ামী লীগের নেতাদের আসামি করায় গতকাল বিকেলে দিরাই পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, জলমহালে সংঘর্ষ হয়েছে সন্ত্রাসীদের সঙ্গে মৎস্যজীবীদের। অথচ মামলায় আওয়ামী লীগের নেতাদের ও একজন সাংবাদিককে আসামি করা হয়েছে। তাঁরা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাঁরা মামলা থেকে আওয়ামী লীগের নেতাদের নাম প্রত্যাহারের দাবি জানান।
আওয়ামী লীগের নেতা অভিরাম তালুকদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, দলের নেতা মজর উদ্দিন মিয়া, মাজু মিয়া, মতিউর রহমান, মোশাহিদ মিয়া, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, পৌর কাউন্সিলর এ বি এম মাসুম, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, রেজুয়ান খান প্রমুখ।