আওয়ামী লীগ নেতাদের কাউকে প্রধান অতিথি না করায়...
ময়মনসিংহের ফুলপুর উপজেলা আওয়ামী লীগ নেতাদের কাউকে প্রধান অতিথি না করায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। দি ইয়ং স্টার নামে স্থানীয় একটি ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করেছিল। আয়োজক ও এলাকাবাসী জানান, গতকাল উপজেলার তারাকান্দা ইউনিয়নের গোপালপুর উচ্চবিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ জন্য দাওয়াতপত্র ছাপানো, মাইকে প্রচার এবং মঞ্চ তৈরি করাসহ সব প্রস্তুতি সম্পন্নও করা হয়। এতে ওই স্কুলের সভাপতি আবুল হাসিমকে সভাপতি এবং স্থানীয় পল্লি চিকিৎসক জব্বার মিয়াকে প্রধান অতিথি করা হয়। দাওয়াতপত্রে আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে প্রধান অতিথি না করায় তাঁরা ক্ষিপ্ত হন ও ক্লাবের সদস্যদের কাছে এর কারণ জানতে চান। পরে তাঁরা অনুষ্ঠানটি বন্ধের নির্দেশ দেন। তারাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান আকন্দ বলেন, ‘আমাদের দল থেকে প্রধান অতিথি করার কথা ছিল। কিন্তু তা না করায় দলের লোকজন চরম অপমানিত হয়েছেন। তাই অনুষ্ঠান বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক কিরণ তালুকদার বলেন, ‘এত কষ্ট করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলাম। অথচ সেটা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জন্য করতে পারলাম না। এটা খুবই দুঃখজনক।’ক্লাবের সভাপতি জিলু মিয়া বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাউকে প্রধান অতিথি না করায় অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি মূলত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সাজানো হয়েছিল। অনুষ্ঠান না হওয়ায় তারা মনঃক্ষুণ্ন হয়ে বাড়ি ফিরে যায়। আমরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি।’