আওয়ামী লীগ নেতার চার টুকরা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের তিন দিন পর গতকাল শুক্রবার যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন মোল্লার (৩৫) চার টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী আবদুস সামাদের বাড়ির টয়লেট থেকে ফরিদের লাশ উদ্ধার করা হয়। পরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পুড়াখালী গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। গত মঙ্গলবার রাতে নওয়াপাড়া স্টেশন বাজার থেকে ফরিদ হোসেন নিখোঁজ হন। পরদিন সকালে ফরিদের বাবা ওসমান আলী মোল্লা অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালেক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সামাদের সঙ্গে ফরিদের টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল। এর জেরে তাঁকে খুন করা হতে পারে।