আওয়ামী লীগ নেতার নির্দেশে সড়ক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার তিন ইউনিয়নের সিএনজিচালিত অটোরিকশাচালকেরা সাত দিন ধরে ধর্মঘট পালন করছেন। উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ খানের নির্দেশে গজারিয়া-ভৈরব সড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় শিমুলকান্দি, শ্রীনগর ও সাদেকপুর ইউনিয়নের চালকেরা গত শুক্রবার থেকে এ ধর্মঘট শুরু করেন।চালকদের বিবরণ অনুযায়ী, উপজেলার শিমুলকান্দি, শ্রীনগর ও সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) অটোরিকশাচালকেরা ভৈরব-মেন্দিপুর সড়ক ব্যবহার করে ভৈরব বাসস্ট্যান্ড ও সদরে যাতায়াত করতেন। বর্তমানে সড়কটির বেহাল অবস্থা। তাই এ পথে আর তাঁরা গাড়ি চালাতে পারছেন না। কয়েক মাস ধরে ওই তিন ইউনিয়নের প্রায় দুই শ অটোরিকশা ভৈরব-গজারিয়া সড়কটি ব্যবহার করছে। এতে গজারিয়ার অটোরিকশাচালক ও মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন ফরিদ খান। আওয়ামী লীগের এই নেতা গজারিয়া ইউনিয়ন অটোরিকশা শ্রমিক-মালিক সমিতির সহসভাপতি এবং পরিবহন ব্যবসায়ী। এই অবস্থায় তিনি কিছুদিন আগে ওই তিন ইউনিয়নের চালকদের সড়কটি ব্যবহার না করতে নির্দেশ দেন। এর পরও তাঁরা ওই সড়ক ব্যবহার করতে থাকেন। এ পর্যায়ে তিনি ওই অটোরিকশাচালকদের নানাভাবে হয়রানি করেন। এই অবস্থার প্রতিকার পেতে ভুক্তভোগী অটোরিকশাচালকেরা শুক্রবার থেকে ধর্মঘট শুরু করেন। শিমুলকান্দি ইউনিয়নের চালক হিরা মিয়া বলেন, ‘আমরা এক উপজেলার মানুষ। যে সড়ক দিয়ে সুবিধা, সেটাই ব্যবহার করব। কিন্তু আওয়ামী লীগের নেতা ফরিদ খান গজারিয়ার সড়ক দিয়ে শুধু গজারিয়ার গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চলতে দেবেন না। এর বিহিত না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব।’ এদিকে ফরিদ খান বলেন, ‘কোনো ইউনিয়নের গাড়ি কোন সড়ক দিয়ে যাবে, তা আগেই নির্ধারিত। শিমুলকান্দি, শ্রীনগর ও সাদেকপুরের চালকেরা নিয়ম না মেনে ভৈরব-গজারিয়া সড়ক ব্যবহার করছেন। এতে গজারিয়ার অটোরিকশাচালকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আমি ওই তিন ইউনিয়নের চালকদের তাঁদের জন্য নির্ধারিত সড়ক ব্যবহার করতে বলেছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এটা মালিক-শ্রমিকদের বিষয়। তাঁরা নিজেদের মধ্যে এর নিষ্পত্তি করলে ভালো হয়। তাঁরা না পারলে আমরা দেখব।’