আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে খোঁয়াড় দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রধান সড়কের ধারে পৌরসভার খোঁয়াড়টি (গরু-ছাগল রাখার জায়গা) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী মজিবুর রহমান দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পর খোঁয়াড়ের জমির মালিক দাবিদার বাদশা মিয়া চৌধুরীকে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য বলা হয়েছে বলে ওসি জানান। সওজের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক বলেন, কাজী মজিবুর রহমান একজন নেতা এবং বাজার ফান্ডের (পার্বত্য চট্টগ্রামে বাজার এলাকার জমি নিয়ন্ত্রণকারী সংস্থা) দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য হয়ে যদি সরকারি জমি দখল করে তাহলে করার কিছু নেই। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মংহ্নৈচিং মারমা ও সচিব তৌহিদুর রহমান অভিযোগ করেছেন, ২০ জুন বিকেলে ৯ নম্বর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া চৌধুরী ও কাজী মজিবুর রহমান দলবল নিয়ে জেলা অফিসার্স ক্লাবের পাশে খোঁয়াড়ের স্থাপনা ভেঙে ফেলেন। তাঁরা সেখানে ট্রাকভর্তি বাঁশ, গাছ, টিনসহ নির্মাণসামগ্রী নিয়ে আসেন। সেখানে ৫০-৬০ জন লোক দ্রুত খোঁয়াড়ের স্থাপনা ভেঙে এক চালা একটি ঘর নির্মাণ করতে থাকেন। বাদশা মিয়া চৌধুরী দাবি করেছেন, জায়গাটি তিনি জেলা পরিষদের বাজার ফান্ড কর্তৃপক্ষ থেকে ১০ বছরের জন্য ইজারা নিয়েছেন। এ জন্য তাঁর নেতা কাজী মজিবের সহযোগিতায় সেখানে ঘর তৈরি করেছেন। ঘরের একটি অংশ ট্রাক শ্রমিক সমিতির ব্যবহারের জন্য দিয়েছেন। ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোহামঞ্চদ মুসা বলেন, দুই কক্ষ করে নির্মিত ঘরটির একটি কক্ষ ট্রাক শ্রমিক সমিতির। এ জন্য বাদশা মিয়া ও সমিতির সভাপতি কাজী মজিবুর রহমানসহ তাঁরা সবাই মিলে ঘরটি করেছেন। কাজী মজিবুর রহমান খোঁয়াড় দখলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, অসহায় বাদশা মিয়াকে তিনি সহযোগিতা করার জন্য এসেছেন। তিনি বলেন, জায়গাটি বাদশা মিয়ার। পৌর কমিশনার ওসমান গণি বলেন, কাজী মজিব একজন দায়িত্বশীল ব্যক্তি হওয়া সত্ত্বেও এখন তিনি জমি দখলের লাঠিয়াল হিসেবে কাজ করছেন। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, সড়কসংলগ্ন জায়গা কারও মালিকানায় দেওয়া যায় না। পৌরসভার অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।