আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শিক্ষককে পেটানোর অভিযোগ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় আওয়ামী লীগ নেতা বোরহান আহমেদের বিরুদ্ধে গত বুধবার বিপুল চন্দ্র বর্মণ নামে এক সহকারী শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন বিপুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় বিপুল গত বৃহস্পতিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশ হবে।
বিপুল উপজেলা বুজরুক সন্তোষপুর উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক। আর বোরহান আহমেদ ওই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বালুয়ামাসিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
বিদ্যালয় ও বিপুলের অভিযোগ সূত্রে জানা যায়, সন্তোষপুর বাজারে গত বুধবার রাতে বোরহান উদ্দিনের নেতৃত্বে তাঁর লোকজন বিপুল চন্দ্র বর্মণকে মারপিট করেন। পরে বাজারের লোকজন বিপুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে যান। সেখানেই তিনি এখন চিকিৎসাধীন।
শিক্ষক বিপুল চন্দ্র বলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি বোরহানের অন্যায় আবদার ও অনিয়মের প্রতিবাদ করায় তাঁর (বোরহান) নেতৃত্বে একদল লোক তাঁকে পিটিয়ে আহত করেছেন। এ ঘটনায় তিনি গত বৃহস্পতিবার রাতে থানায় মামলার জন্য লিখিত অভিযোগ দিয়েছেন।
বিপুলকে মারপিটের অভিযোগ অস্বীকার করে বোরহান আহমেদ গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই দিন (বুধবার) সন্তোষপুর বাজারে আমার সঙ্গে থাকা কয়েকজন তাঁর ওপর চড়াও হয়েছিল। আমিই থামিয়েছি। পরে মিটমাটও হয়ে যায়। পরে জানতে পারি যে তিনি (শিক্ষক) হাসপাতালে ভর্তি হয়েছেন।’ তবে প্রধান শিক্ষক মহিদুর রহমান বলেন, ‘বিপুলকে মারধরের খবর পেয়ে আমি তাঁকে হাসপাতালে দেখতে যাই। এ ঘটনার প্রতিবাদে আজ বিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে প্রক্রিয়াধীন রয়েছে।