আওয়ামী লীগ নেতার সচ্ছল আত্মীয়রা সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়নের বাবুর কাইচাল গ্রামটিকে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতাধীন আনা হয়েছে। সেখানে ৬০টি পরিবারের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার নিকটাত্মীয়ের পরিবারই আছে ১২টি। এদের বেশির ভাগই সচ্ছল। অথচ অনেক অসচ্ছল পরিবার বা হতদরিদ্র মানুষকে এ প্রকল্পের সদস্য করা হয়নি। ওই নেতার নাম কবির হোসেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, তিনি দলীয় প্রভাব খাটিয়ে স্ত্রী, ভাই, বাবা, চাচা ও চাচাতো ভাইসহ ১২ জনের নাম প্রকল্পে অন্তর্ভুক্ত করেছেন।জানা গেছে, প্রকল্পের সদস্য সংগ্রহ করে তাঁদের সুবিধা দেওয়ার দায়িত্ব উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের (বিআরডিবি) কর্মকর্তাদের। সদস্যদের তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, সেই সদস্যকে হতদরিদ্র ও বিধবা হতে হবে। দ্বিতীয়ত, শুধুই ঘরবাড়ি আছে এমন দরিদ্র হতে হবে। তৃতীয়ত, বাড়িঘরসহ এক বিঘা জমির বেশি থাকতে পারবে না।কাইচাল গ্রামের প্রকল্প সদস্যদের তালিকা যাচাই করে দেখা গেছে, কবির হোসেনের স্ত্রী তাহেরুন্নেসা আছেন তালিকার ৪ নম্বরে। ৫ ও ৬ নম্বরে ভাই মো. গিয়াসউদ্দীন ও মো. সাগর মিয়া, ৭ নম্বরে বাবা মো. নান্নু মিয়া, ৮ নম্বরে আছেন চাচা মো. রায়হানউদ্দীন। চাচাতো ভাই মো. গোলজার হোসেন মিয়া ৯ নম্বরে, ১০ নম্বরে মো. আশরাফ মিয়া, ১১ নম্বরে মো. মাওলা মিয়া, ২৫ নম্বরে মো. নাজমুল হুদা, ৩১ নম্বরে এনামুল হক, ৩৪ নম্বরে মো. সবুজ মিয়া এবং ৫৮ নম্বরে আছেন মো. গোলাম রসুল মিয়া। এই প্রকল্পের অধীনে এ পর্যন্ত ওই গ্রামের জন্য একটি গরু বরাদ্দ পাওয়া গেছে। সেটিও দেওয়া হয়েছে ওই নেতার ভাই মো. সাগর মিয়াকে। আরও অভিযোগ রয়েছে, এ প্রকল্পের গরু পাইয়ে দেওয়ার কথা বলে তিনি প্রকল্পভুক্ত বেশ কয়েকজন সদস্যের কাছ থেকে ৫০০ থেকে এক হাজার করে টাকা আগাম নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে টাকা প্রদানকারী সদস্যরা এ তথ্য দিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক বাবুর কাইচাল গ্রামের একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, ওই গ্রামে অনেক দুস্থ, অসহায় ও গরিব লোক থাকলেও তাঁদের কাউকে এ প্রকল্পভুক্ত করা হয়নি।অভিযোগ প্রসঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, ‘পল্লী উন্নয়ন কর্মকর্তারাই এসবের দেখভাল করেন। এ ব্যাপারে আমার কী করার আছে!’ তিনি দাবি করেন, প্রকল্পভুক্ত ৭০ ভাগ সদস্যই দুস্থ ও অসহায়।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কল্লোল সরকার বলেন, ‘এভাবে তালিকা করা হয়েছে সে বিষয়টি আমাকে আগে কেউ জানায়নি। আমরা বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখব এবং আত্মীয়স্বজনের নাম বাদ দিয়ে নতুন লোকদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেব।’ জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মনোয়ারা মোর্শেদ প্রথম আলোকে বলেন, ‘তদন্ত করে এ ব্যাপারে পদক্ষেপ নেব।’