বিদ্যুৎ, শেয়ারবাজার ও সর্বশেষ ব্যাংকিং খাতে লুটপাট শেষে সরকারি দল আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দল বিএনপির শীর্ষ নেতারা। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপির নেতারা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পানি-গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৮ দলীয় জোট চট্টগ্রাম মহানগর শাখা এই সমাবেশের আয়োজন করে। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সভা পরিচালনা করেন।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ। সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, ‘অর্থমন্ত্রী বললেন তাঁর নাকি কথা বলা বারণ। পরে পত্রিকায় দেখি তিনি নাকি নয় মাস ধরে দেশ থেকে পালানোর চেষ্টা করছেন।’ কুইক রেন্টালে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে দাবি করে নজরুল ইসলাম খান বলেন, ‘সংসদে আইন পাস করা হলো, কুইক রেন্টাল-সংক্রান্ত ফাইলে যেসব আমলা সই করবেন তাঁদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। দেশের সাধারণ মানুষ এখন বেশি টাকা দিয়েও বিদ্যুৎ পাচ্ছে না।’প্রধান অতিথির বক্তব্যে আ স ম হান্নান শাহ বলেন, ‘সরকার দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ আর এর মাশুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। তাই আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন। সরকারি দলের কতজন চীন, মালয়েশিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে বাড়ি বানিয়েছেন তার তথ্য আমাদের কাছে আছে।’সরকারের ব্যর্থতার জন্য উপদেষ্টাদের দায়ী করে হান্নান শাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্য আমার মায়া হয়। এ রকম উপদেষ্টা চারপাশে থাকলে দুরবস্থা হবেই। বিদ্যুৎ খাত, পদ্মা সেতু, হলমার্ক কেলেঙ্কারিসহ সব দুর্নীতিতে পাঁচ উপদেষ্টা জড়িত।’সমাবেশে সভাপতির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের যেসব নেতা অন্যের সহায়তায় জীবনধারণ করতেন তাঁরা এখন বিভিন্ন দেশে বাড়ি বানিয়েছেন। আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যই আমাকে এ কথা বলেছেন। সরকারি দলের নেতারা এখন পালাবার পথ খুঁজছেন।’সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতে ইসলামীর আমির সাংসদ শামসুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির শাহজাহান চৌধুরী, বর্তমান নায়েবে আমির আহসান উল্লাহ, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন এবং বিএনপির কেন্দ্রীয় মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক রোজী কবির প্রমুখ।