আওয়ামী লীগ নেতাসহ ১৪৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে নন্দরানী চা-বাগানের দখল নিয়ে গত শুক্রবারের সংঘর্ষ ও গুলিবিনিময় এবং দুজন নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাসহ ১৪৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।মামলায় বাগানের মালিক দাবিদার সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য সাদৎ রহিম চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আসামি হিসেবে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিদ্দিক আলী, সাংগঠনিক সম্পাদক হান্নান মিয়া, সদস্য ইয়াছিন মিয়া ও ভুট্টু মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ও কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, আনোয়ারের ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি সানোয়ার হোসেন, আওয়ামী লীগ-সমর্থিত পৌর কাউন্সিলর আশরাফুল হক ওরফে বদরুল, উপজেলা শ্রমিক লীগের মছব্বির মিয়া, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিদ আলীসহ ৪৫ জনের নাম রয়েছে। আরও অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।গত রোববার দিবাগত রাত ১২টার দিকে কমলগঞ্জ থানায় মামলাটি করেন চা-বাগানের মালিক দাবিদার সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম চৌধুরীর ছোট ভাই শাহিরুল ইসলাম চৌধুরী।মামলার এজাহারে বলা হয়েছে, সাদৎ রহিম চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা দা, রড ও অন্যান্য অস্ত্র নিয়ে শুক্রবার দুপুরে বাগানে প্রবেশ করে। তারা বাগানের কার্যালয়ে দুটি জিপ গাড়ি ও দুটি ভবন পুড়িয়ে দেয়। একটি মোটরসাইকেল ও তিনটি লাইসেন্সধারী বন্দুক এবং ৮০ হাজার টাকা লুটে নেয়। হামলার সময় সেলিম ও তাঁর সহযোগী শাহজাহান সাউথ এশিয়ান ইন্টারন্যাশনালের সচিব কাজী ফখরুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। ওই সময় হামলায় অংশ নেওয়া কমলগঞ্জের ধলাইরপাড় গ্রামের জাহিদ মিয়া বৃদ্ধ ফখরুলকে না মারার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে সেলিম ও শাহজাহান জাহিদের মাথায় গুলি করে তাঁকে হত্যা করেন।মামলার বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।মামলার ৩২ নম্বর আসামি কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সানোয়ার হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমি ও আমার ভাই হামলার সঙ্গে জড়িত নই। কী কারণে আমাদের নাম এসেছে জানি না। নিশ্চয়ই হামলায় আমাদের দলের কেউ জড়িত আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।’বেকার চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়: শুক্রবারের সংঘর্ষের পর গতকাল বাগানের মালিক আমিনুল ইসলাম চৌধুরীর বড় ভাই হারুন চৌধুরীসহ বাগানের কর্মকর্তারা নন্দরানীতে গিয়ে বেকার চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। হারুন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রশাসন আমাদের কাজ শুরু করতে বলেছে। কিন্তু আমরা নিরাপত্তা পাচ্ছি না। ফের হামলার আশঙ্কায় শ্রমিকেরাও কাজে যোগ দিতে ভরসা পাচ্ছে না।’ম্যাজিস্ট্রেট মোতায়েন: কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, চা-বাগানে পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মালিকপক্ষ নিরাপত্তার অভাবের কথা জানিয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি বাগানের নিরাপত্তার জন্য পুলিশি পাহারার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুছকে নন্দরানী চা-বাগানে পাঠিয়েছেন।