কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রতিপক্ষের হামলায় নিহত দুই ভাইকে গতকাল শনিবার দাফন করা হয়েছে। তাঁদের স্বজনেরা বাচ্চু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহত মলু মিয়ার ছেলে ফেরদৌস মিয়া আওয়ামী লীগের নেতাসহ ৩৮ জনকে আসামি করে কটিয়াদী থানায় হত্যা মামলা করেছেন।সরেজমিনে গিয়ে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ধুলদিয়া নতুন বাজারে মুছা মিয়ার সাইকেলের দোকানে বসে গল্প করছিলেন মলু মিয়া (৪০)। পাশের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন নুরু মিয়া (৩৫)। হঠাৎ ২০-২৫ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় মলু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এর প্রতিবাদ করলে তাঁর ভাই নুরু মিয়াকেও তারা কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় নরু মিয়াকে পিকআপ ভ্যানে তুলে দিলে রাস্তায় তাঁর মৃত্যু হয়। এদিকে দুই ভাইয়ের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশের পাহারায় জানাজা শেষে তাঁদের গতকাল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মামলার বাদী ফেরদৌস মিয়া বলেন, ‘আলতাফ, সাকিন, ওয়াহেদ, বাক্কার, আলী হোসেন, বিল্লাল, জয়নাল, আনিছ, বকুল, কাইয়ুম ও বাচ্চুরা হাজার হাজার মানুষের সামনে আমার বাবা ও চাচাকে নৃসংশভাবে খুন করেছেন। আমরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এলাকাবাসী ও পুলিশ জানায়, সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের রায়খোলা গ্রামের সন্ত্রাসী কালা মিয়ার বাহিনীর হাতে এলাকাবাসী জিম্মি ছিল। নিহত নুরু ও মলু কালা মিয়ার ভাই। ২০০১ সালে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা মইজুদ্দিকে প্রকাশ্যে ওই বাহিনীর লোকজন কুপিয়ে পঙ্গু করে দেয়। এই বাহিনীর লোকজন সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহানের স্কুলপড়ুয়া বোনকে ধর্ষণের পর হত্যা করে। তাদের হামলায় একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছামির উদ্দিন গুরুতর আহত হন। তারা সহশ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল ওয়াহাবকে পিটিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তাঁর ছোট ভাই শহীদকে ধুলদিয়া বাজারে কুপিয়ে হাতের আঙুল ও কান কেটে ফেলে। বড় হাওরের মেশিন চুরিতে বাধা দেওয়ায় অনীল বাবুকে তারা হত্যা করে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ ও কটিয়াদী থানায় ২০-২৫টি মামলা রয়েছে। সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হত্যা মামলার আসামি আলতাফ হোসেন প্রথম আলোকে জানান, কালা মিয়ার বাহিনীর লোকজন সংখ্যালঘু পরিবারের ওপর অনেক নির্যাতন করত। তাদের সহায়তা করেছেন সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান মিয়া। এই বাহিনীর অত্যাচারে ২০-২৫টি পরিবার এলাকাছাড়া। শাহজাহান মিয়া কালা মিয়ার বাহিনীকে সহায়তা দেওয়ার কথা অস্বীকার করে বলেন, কিছুদিন আগে আলতাফের সঙ্গে কালাদের মারামারি হয়। পরে গ্রামবাসী মীমাংসা করে দেন। তার পরও এর জের থেকেই যায়। এই জের থেকেই দুই ভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাঁদের নিকটাত্মীয়রা মনে করেন।কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, মামলার তদন্ত চলছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।